পাকিস্তানকে গুঁড়িয়ে এশিয়া কাপ রাইজিং স্টারের ফাইনালে বাংলাদেশ

২০ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানকে গুঁড়িয়ে এশিয়া কাপ রাইজিং স্টারের ফাইনালে বাংলাদেশ

ফাহিমা খাতুনের অলরাউন্ড নৈপুণ্যে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারের সেমি-ফাইনালে পাকিস্তান ‘এ’ দলকে ৫৪ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল।

শুক্রবার ব্যাংককে দ্বিতীয় সেমি-ফাইনালে বাংলাদেশের দেওয়া ১১১ রানের লক্ষ্য তাড়ায় ২০ বল আগে ৫৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

চার নম্বরে নেমে ৩২ বলে ৪০ রানের অপরাজিত ইনিংসের পর লেগ স্পিনে ৬ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন অধিনায়ক ফাহিমা।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুর তিন ব্যাটারের ধীরগতির ইনিংসে প্রথম ১০ ওভারে ৩ উইকেটে ৪৪ রান তুলতে পারে। ইশমা তানজিমের ১২, শামীমা সুলতানার ১৩ ও শারমিন সুলতানার ১৫ রানের সঙ্গে অধিনায়ক ফাহিমা ছাড়া আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

পরের ব্যাটারদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভার শেষে দলের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১১০ রান।

লক্ষ্য তাড়ায় প্রথম ৬ ওভারে ২ উইকেটে ২১ রান তোলে পাকিস্তান। পাওয়ারপ্লে শেষে স্পিনারদের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটির ইনিংস শেষ হয় ১৬ ওভার ৪ বলে। বাঁহাতি স্পিনে ৩.৪ ওভারে ৬ রানে ৩ উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা।

অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আগামী রোববার শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে ফাহিমার দল।

 

মন্তব্য করুন: