বাংলাদেশ সফরে মার্শের খেলা নিয়ে শঙ্কা
২৬ মে ২০২৬
চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে পারবেন না মিচেল মার্শ। ফলে আগামী জুনে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সাদা বলের সিরিজে এই অলরাউন্ডারের অংশগ্রহণের বিষয়ে অনিশ্চয়তা আছে।
আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের শেষ ম্যাচে গত শনিবার খেলেননি মার্শ। ১৯ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ খেলেই অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন তিনি। আগামী শনিবার পাকিস্তানে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। কিন্তু গোঁড়ালির চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। অতীতেও বেশ কয়েকবার গোঁড়ালির চোটে ভুগতে হয়েছিল তাকে।
মার্শের বদলে পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন জশ ইংলিস।
মার্শের বদলি হিসেবে এখনও কাউকে দলে নেওয়া হয়নি। তবে কুপার কনোলিকে বদলি হিসেবে নেওয়ার সম্ভাবনা আছে। আইপিএলের কারণে শুরুতে বাঁহাতি এই অলরাউন্ডারকে পাকিস্তান সফরের দলের রাখেনি অস্ট্রেলিয়া। তবে তার দল পাঞ্জাব কিংস প্লে-অফের আগে আসর থেকে বিদায় নেওয়ায় এখন তাকে দলে ডাকা হতে পারে।
পাকিস্তান সিরিজ শেষেই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। আগামী ৯ জুন শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি শুরু হবে ১৭ জুন। এই দুই সিরিজে মার্শ খেলবেন কি না – সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
নিয়মিত ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্কের মতো প্রথমসারির ক্রিকেটারদের ছাড়া এমনিতেই খর্বশক্তির দল নিয়ে পাকিস্তান সফরে খেলবে অস্ট্রেলিয়া। এবার মার্শকে হারিয়ে শক্তি আরও হারাল তারা।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে হেড ছাড়াও আছেন কনোলি এবং দুই পেসার জেভিয়ার বার্টলেট ও বেন ডোয়ার্শিস।















মন্তব্য করুন: