ফেরার ম্যাচে সালাহর রেকর্ড
১৪ ডিসেম্বর ২০২৫
লিভারপুলের হয়ে মাঠে ফেরার ম্যাচে অনন্য উচ্চতায় উঠেছেন মোহাম্মদ সালাহ। উগো একিতিকের গোলে সহায়তা করে ইংলিশ প্রিমিয়ার লিগে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ড নিজের করে নিয়েছেন এই মিশরীয় তারকা।
শনিবার অ্যানফিল্ডে লিগ ম্যাচে ব্রাইটনকে ২-০ গোলে হারায় লিভারপুল। বর্তমান চ্যাম্পিয়নদের ম্যাচের ৪৬ সেকেন্ডে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করেন একিতিকে।
টানা বিবর্ণ পারফরম্যান্সে শুরুর একাদশে জায়গা হারানো পর গত সপ্তাহে ক্লাব নিয়ে বিস্ফোরক মন্তব্য করায় ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন সালাহ। তবে শুক্রবার কোচের সঙ্গে ইতিবাচক আলোচনার পর এই ম্যাচের দলে ফেরেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
স্কোয়াডে ফিরলেও এদিনও বদলি হিসেবে মাঠে নামেন সালাহ। সতীর্থ জো গোমেসের চোটে ২৬তম মিনিটে মাঠে নামেন তিনি। এসময় তাকে করতালির মাধ্যমে স্বাগত জানান স্বাগতিক সমর্থকরা।
৬০তম মিনিটে সালাহর কর্নার থেকে হেডে লিভারপুলের ব্যবধান দ্বিগুণ করেন একিতিকে। এই গোলে সহায়তা করে ওয়েইন রুনিকে পেছনে ফেলেন সালাহ।
ম্যানচেস্টার ইউনাইটেডে ১৩ বছরের ক্যারিয়ারে ২৭৬ গোলে অবদান রেখেছিলেন ইংলিশ স্ট্রাইকার রুনি। অন্যদিকে ২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়া সালাহ মোট ২৭৭ গোলে অবদান রাখলেন। এর মধ্যে গোল করেছেন ১৮৮টি, অ্যাসিস্ট ৮৯টি।
প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন সালাহ। লিভারপুলে যোগ দেওয়ার আগে ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত চেলসিতে ছিলেন এই ফরোয়ার্ড। এই দুই ক্লাব মিলিয়ে লিগে মোট ২৮০ গোলে অবদান রেখেছেন তিনি। ৩২৪ গোলে অবদান রেখে এই তালিকায় সবার ওপরে আছেন সাবেক ইংলিশ স্ট্রাইকার অ্যালেন শিয়েরার।
যোগ করা সময়ে নিজেও গোলের সুযোগ পেয়েছিলেন সালাহ। কিন্তু ফেদেরিকো কিয়েজার বাড়ানো বল ছয় গজ বক্সের একটু বাইরে থেকে গোলবারের উপর দিয়ে উড়িয়ে মারেন তিনি।
শেষ বাঁশি বাজার পর আবেগঘন অবস্থায় দেখা যায় সালাহকে। হাত তালি দিয়ে সমর্থকদের অভিবাদন জানান তিনি।
ম্যাচ শেষে সালাহর পারফরম্যান্সের প্রশংসা করে লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, “আমার মনে হয়েছে সে বিপজ্জনক ছিল। সে প্রথম যে বল স্পর্শ করেছিল, তাতে আলেক্সিক মাক আলিস্তেরকে প্রায় গোল বানিয়ে দিয়েছিল। দেখে ভালো লাগছে কিন্তু অবাক হইনি।”
“তাকে দলে নেওয়াটা সহজ সিদ্ধান্ত ছিল। আমি আগেও অনেকবার বলেছি, আমাদের মধ্যে যা আলোচনা হয়েছে তা আমাদের মধ্যেই থাকবে। তাকে আমাদের প্রয়োজন ছিল এবং সে ব্যবধান দ্বিগুণ করতে সহায়তা করেছে, যেটা আমাদের জন্য ভালো।”
১৬ ম্যাচে আট জয়ে ২৬ পয়েন্ট নিয়ে বর্তমানে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৩৬।















মন্তব্য করুন: