বার্সার কাছে হারের পর সুপার কাপকে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বললেন আলোনসো
১২ জানুয়ারি ২০২৬
বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হারানোর পর এটিকে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা হিসেবে আখ্যা দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ শাবি আলোনসো। একই সঙ্গে দ্রুত এই হারকে ভুলে শিষ্যদের সামনের দিকে এগুতে বলেছেন তিনি।
রোববার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ফাইনালে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার জোড়া গোলে রিয়ালকে ৩-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সুপার কাপের শিরোপা জেতে বার্সেলোনা।
টুর্নামেন্টে এটি কাতালান ক্লাবটির রেকর্ড ১৬তম শিরোপা। গত মৌসুমেও রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
ম্যাচ শেষে আলোনসো বলেন, “আমাদের এটা থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে আসতে হবে। আমাদের খেলা প্রতিযোগিতাগুলোর মধ্যে এটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। আমাদের সামনের দিকে তাকাতে হবে। খেলোয়াড়দের চোট থেকে ফিরে পেতে হবে, নিজেদের আত্মবিশ্বাস ফেরাতে হবে এবং এগিয়ে যেতে হবে।”
৭৬তম মিনিটে গার্সিয়ার বদলি হিসেবে মাঠে নামেন কিলিয়ান এমবাপ্পে। হাঁটুর চোটের কারণে প্রথমে সুপার কাপের দলে না থাকলেও ফাইনালের আগে ফরাসি এই তারকা দলের সঙ্গে যোগ দিয়েছিলেন।
২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে খেলানো প্রসঙ্গে রিয়াল কোচ বলেন, “কিলিয়ান শুরু থেকে খেলার জন্য ফিট ছিল না। তাকে বদলি হিসেবে খেলানোটা তার জন্য ভালো ছিল এবং আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছিলাম।… চোটগুলো আমাদের ভোগাচ্ছে। এগুলো আমাদের স্থিতিশীলতা খুঁজে পেতে বাধা দিচ্ছে।”
এদিন রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচ পর গোলের দেখা পান ভিনিসুস। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের পারফরম্যান্সে সন্তুষ্ট আলোনসো বলেন, “ভিনি দারুণ একটা ম্যাচ খেলেছে। সে বিপজ্জনক ছিল এবং গোলটা অসাধারণ ছিল।”
আগামী বৃহস্পতিবার কোপা দেল রেতে শেষ ষোলোর ম্যাচে দ্বিতীয় স্তরের লিগে খেলা আলবাসেতের মুখোমুখি হবে রিয়াল।















মন্তব্য করুন: