আল-ইত্তিহাদ ছেড়ে প্রতিদ্বন্দ্বী আল-হিলালে বেনজেমা
৩ ফেব্রুয়ারি ২০২৬
আল-ইত্তিহাদ ছেড়ে ক্লাবটির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত আল-হিলালে যোগ দিয়েছেন ফরাসি তারকা করিম বেনজেমা।
সোমবার রাতে এক বিবৃতিতে ফ্রি ট্রান্সফারে দেড় বছরের চুক্তিতে বেনজেমাকে দলে নেওয়ার বিষয়টি জানায় আল-হিলাল।
নতুন চুক্তি নিয়ে আল-ইত্তিহাদের সঙ্গে বেনজেমার মতবিরোধের বিষয়টি গত কয়েকদিন ধরে স্থানীয় সংবাদ মাধ্যমে আসছিল। সেখানে জানানো হয়, এই ঝামেলার সূত্রপাত চুক্তি নবায়নকে ঘিরে। আর্থিক কিছু শর্ত, বিশেষ করে ইমেজ রাইটসে দুই পক্ষের বনিবনা হয়নি, যেটাকে অসম্মানজক মনে হয়েছে ফরাসি তারকার কাছে। দলটির সবশেষ দুটি ম্যাচেও মাঠে নামেননি রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফরোয়ার্ড। এরপরই চুক্তির বাকিটুকু বাতিল করে নতুন ঠিকানায় পাড়ি জমালেন তিনি।
রিয়াল মাদ্রিদে ১৪ বছরে ২৫ শিরোপা জিতে ২০২৩ সালে আল-ইত্তিহাদে পাড়ি জমান বেনজেমা। সৌদি প্রো লিগের ক্লাবটিতেও যথেষ্ট সফল ছিলেন ২০২২ ব্যালন ডি’অর জয়ী এই তারকা। গত মৌসমে লিগ শিরোপার পাশাপাশি কিংস কাপ জেতে তারা। এটি ছিল ক্লাবটির ইতিহাসের প্রথম ঘরোয়া ডাবল, যার নেতৃত্বে ছিলেন বেনজেমা।
চলতি মৌসুমেও বেশ ভালো ফর্মে আছেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার। সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে গোল করেছেন ১৬টি।
লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে এবার অনেকটাই ছিটকে পড়েছে আল-ইত্তিহাদ। ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকায় ছয় নম্বরে আছে তারা। ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বেনজেমার নতুন ক্লাব আল-হিলাল। এক পয়েন্ট পেছনে থেকে দুইয়ে আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসের।















মন্তব্য করুন: