ম্যানসিটির কাছে হারের পরও দলের উন্নতি দেখছেন লিভারপুল কোচ
৯ ফেব্রুয়ারি ২০২৬
অ্যানফিল্ডে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ ব্যবধানে হারের পরও লিভারপুল কোচ আর্নে স্লট মনে করেন, কয়েক মাস আগের তুলনায় তার দল উন্নতি করেছে।
দমিনিক সোবোসলাইয়ের দুর্দান্ত ফ্রি-কিকে রোববার নিজেদের মাঠে লিভারপুল এগিয়ে যায়। তবে বের্নার্দো সিলভার সমতায় ফেরা গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এরপর পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন আর্লিং হলান্দ।
স্লট বিবিসিকে বলেন, “অনেক কিছুই ঘটেছে, যা এই ম্যাচে স্বাভাবিক। আমাদের জন্য ফল ছাড়াই মাঠ ছাড়তে হওয়াটা হতাশাজনক। প্রথমার্ধে ম্যানচেস্টার সিটি ভালো দল ছিল, যদিও বড় সুযোগ বেশি তৈরি করতে পারেনি, তবে আমাদের অর্ধে বলের দখল বেশি ছিল তাদের। দ্বিতীয়ার্ধে আমরা প্রাধান্য দেখিয়েছি এবং ভালো মুহূর্ত পেয়েছি। অতিরিক্ত সময়ে গোল হজম করায় আমরা প্রায় অভ্যস্ত হয়ে গেছি এবং আজও সেটাই ঘটেছে।”
ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ সাত ম্যাচে লিভারপুলের জয় মাত্র একটি। লিগে খারাপ ফলাফলের ধারা চললেও, ২০২৫ সালের শেষ সময়ের তুলনায় তার দল এখন ভালো অবস্থায় আছে বলে মনে করেন স্লট।
“এই ম্যাচকে তিন বা চার মাস আগের ম্যাচের সঙ্গে তুলনা করা যায় না। আমরা অনেক উন্নতি করেছি, কিন্তু ফল আরও ভালো করতে হবে। এ বছর বহুবার আমরা প্রাপ্যটা পাইনি এবং এটাও তার আরেকটি উদাহরণ।”
মোহাম্মদ সালাহ বল ধরতে দৌড়ানোর সময় ফাউলের শিকার হলেও রেফারি লাল কার্ড না দেখানোয় হতাশা প্রকাশ করেন স্লট।
“যদি কোনো ঘটনা নিয়ে কথা বলতে হয়, সেটা হলো যখন মো সালাহ গোলরক্ষকের সঙ্গে একা ছিলেন। গত সাত-আট বছরে যে কেউ এই স্টেডিয়ামে এসেছে, জানে এটা সালাহর জন্য গোল। আবারও রেফারি আমাদের পক্ষে সিদ্ধান্ত দেননি। তাদের নিজেদের কাজটা করতে হবে।”
টেবিলে পঞ্চম স্থানে থাকা চেলসির চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে রেডসরা।















মন্তব্য করুন: