ইয়ামালের পেনাল্টি মিস, জিরোনার কাছে হেরে শীর্ষে ওঠা হলো না বার্সার
১৭ ফেব্রুয়ারি ২০২৬
লামিনে ইয়ামালের পেনাল্টি মিসের পর প্রথমে এগিয়ে গিয়েছিল বার্সেলোনাই। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছে জিরোনা। এই হারে রিয়াল মাদ্রিদকে সরিয়ে লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে হানসি ফ্লিকের দল।
সোমবার ঘরের মাঠে বার্সেলোনাকে ২-১ গোলে হারায় পয়েন্ট তালিকার ১২ নম্বরে থাকা জিরোনা।
গত মঙ্গলবার কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর এবার লিগে হারল বার্সেলোনা। চলতি মৌসুমে লিগে চতুর্থ হারের পর, ২৪ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে রিয়াল। গত শনিবার রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে উড়িয়ে শীর্ষে উঠেছিল তারা।
এই ম্যাচের আগে লিগে টানা তিন ম্যাচে জিতেছিল বার্সেলোনা। অন্যদিকে টানা তিন ম্যাচে জয়হীন ছিল জিরোনা।
প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে দানি ওলমো ডি বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু ইয়ামালের নেওয়া স্পট কিক পোস্টে লেগে ফিরে আসে।
৫৯তম মিনিটে জুল কুন্দের ক্রস থেকে হেডে দলকে এগিয়ে দেন পাউ কুবার্সি। দুই মিনিট পর এই ডিফেন্ডারের ভুলের সুযোগে সমতায় ফেরে জিরোনা। এরপর ৮৬তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ফ্রান বেলত্রান।
৯ মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রবের্ট লেভানডফস্কি বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা গোল হয়নি। শেষ মিনিটে ইয়ামালকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন জিরোনার ফরোয়ার্ড জোয়েল রোকা। তবে সেই সুযোগ কাজে লাগানোর যথেষ্ট সময় পায়নি বার্সেলোনা।















মন্তব্য করুন: