রিয়ালকে আবার হারাতে অলৌকিক কিছুর প্রয়োজন দেখছেন না মরিনিয়ো
১৭ ফেব্রুয়ারি ২০২৬
চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের শেষ ম্যাচে বেনফিকার কাছে হারের পর নকআউট পর্বের প্লে-অফে আবারও পর্তুগিজ ক্লাবটির মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের আবারও স্তব্ধ করে দেওয়ার জন্য অলৌকিক কিছুর প্রয়োজন নেই বলে দাবি করেছেন বেনফিকা কোচ জোসে মরিনিয়ো।
গত জানুয়ারির শেষে লিসবনে বেনফিকার কাছে ৪-২ গোলে হেরে সেরা আটে থেকে শেষ ষোলোয় খেলার সুযোগ হাতছাড়া করে রিয়াল। আর শেষ মুহূর্তের গোলে শেষ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে মরিনিয়োর দল।
নকআউট পর্বের প্লে-অফের প্রথম লেগে মঙ্গলবার বেনফিকার মাঠে নামছে রিয়াল। সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজের সাবেক ক্লাব রিয়াল প্রসঙ্গে মরিনিয়ো বলেন, “তারা এখন আহত। আর একজন আহত রাজা সবসময়ই বিপজ্জনক। আমরা আমাদের বুদ্ধি, উচ্চাকাঙ্ক্ষা এবং আত্মবিশ্বাস নিয়ে প্রথম লেগের ম্যাচটি খেলব। চ্যাম্পিয়নস লিগের রাজাদের সাথে আমরা কী করেছি তা আমাদের জানা আছে।”
লিগপর্বে রিয়ালকে হারালেও প্লে-অফে স্প্যানিশ ক্লাবটিকেই পরিষ্কার ফেবারিট হিসেবে দেখছেন মরিনিয়ো। শেষ ষোলোয় যাওয়ার জন্য তার দলের নিঁখুত পারফরম্যান্স প্রয়োজন বলে মনে করেন তিনি।
“আমি মনে করি না যে রিয়াল মাদ্রিদকে বিদায় করতে বেনফিকার কোনো অলৌকিক ঘটনার প্রয়োজন আছে। আমার মনে হয় আমাদের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলতে হবে। আমি কেবল উচ্চ পর্যায় বলছি না, আমি বলতে চাচ্ছি আমাদের পারফরম্যান্স হতে হবে একদম চূড়ায়, যা প্রায় নিখুঁত হওয়ার কাছাকাছি। তবে এটি কোনো মিরাকল নয়।”















মন্তব্য করুন: