টানা ২ ম্যাচ হেরে ২ দিনের ছুটি পেল বার্সার খেলোয়াড়রা

১৭ ফেব্রুয়ারি ২০২৬

টানা ২ ম্যাচ হেরে ২ দিনের ছুটি পেল বার্সার খেলোয়াড়রা

আতলেতিকো মাদ্রিদের কাছে কোপা দেল রের সেমি-ফাইনালে বিধ্বস্ত হওয়ার পর স্প্যানিশ লা লিগায় শক্তিমত্তায় বেশ পিছিয়ে থাকা জিরোনার কাছে হেরে গেছে বার্সেলোনা। টানা দুই ম্যাচে হারের পর শিষ্যদের দুই দিনের ছুটি দেওয়ার কথা জানিয়েছেন কোচ হানসি ফ্লিক।

মঙ্গলবার জিরোনার মাঠে ২-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করে বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লামিনে ইয়ামাল।

এর আগে গত মঙ্গলবার কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে আতলেতিকোর মাঠে ৪-০ গোলে হারে ফ্লিকের দল। এদিন জিরোনার কাছে হেরে চলতি মৌসুমে লিগে চতুর্থ ম্যাচে পরাজয়ের স্বাদ পেল তারা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের খেলোয়াড়দের ক্লান্তির কথা অকপটে স্বীকার করে নেন বার্সেলোনা কোচ।

আমরা ভালো অবস্থানে নেই। দলকে আমি এখন দুই দিনের ছুটি দিব। তাদের বিশ্রাম গুরুত্বপূর্ণ।

খেলোয়াড়রা বেশ ক্লান্ত। আজকের ম্যাচে আমরা যদি আরও বেশি নিয়ন্ত্রণ রাখতে পারতাম এবং ভুল কম করতাম, তবে ফলাফল ভিন্ন হতে পারত। প্রথমার্ধে আমরা গোল করার বেশ কিছু সুযোগ পেয়েছিলাম, এমনকি পেনাল্টিও পেয়েছিলাম। কিন্তু ফুটবলে এমনটা হয়েই থাকে।"

এটা ক্লান্তির কারণে হতে পারে। তবে ম্যাচ জয়ের ক্ষুধা আমাদের থাকতে হবে। আতলেতিকোর কাছে হারের পর আজকে জয় গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমরা তা পারিনি। সবাই হতাশ। আমরা লড়াই করবো। আগামী দুই সপ্তাহে আমাদের ফিরে আসার সময় রয়েছে এখন কারণ সপ্তাহের মাঝে কোনো ম্যাচ নেই।

আগামী রোববার ঘরের মাঠে লেভান্তের মুখোমুখি হবে বার্সেলোনা। সেই ম্যাচ দিয়ে শীর্ষস্থান পুনরূদ্ধারের জন্য লড়াই শুরু করার কথা জানান ফ্লিক।

আমরা ভালোভাবে অনুশীলন করবো এবং রোববারের জন্য ফিরব। এখন আমাদের তালিকার শীর্ষে ফেরার জন্য লড়তে হবে।

মন্তব্য করুন: