এবার তলানির দলের কাছে পয়েন্ট হারাল আর্সেনাল
১৯ ফেব্রুয়ারি ২০২৬
একের পর এক ম্যাচে পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান সুসংহত করতে পারছে না আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে এবার শেষ মুহূর্তে গোল হজম করে তারা পয়েন্ট খুঁইয়েছে তালিকার তলানির দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে।
বুধবার প্রতিপক্ষের মাঠে দুই গোলে এগিয়ে থেকেও ২-২ গোলে ড্র করে আর্সেনাল।
লিগে জয় দিয়ে বছর শুরু করার পর মিকেল আর্তেতার দল পরের সাত ম্যাচে জয় পেয়েছে কেবল দুটিতে। ড্র করেছে চারটিতে, আর হেরেছে একটিতে। এই সাত ম্যাচে সম্ভাব্য ২১ পয়েন্টের মধ্যে তারা পেয়েছে কেবল ১০ পয়েন্ট।
২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ থাকা আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্টের ব্যবধান এখন ৫। পরের ম্যাচে জিতলে সেটা দুইয়ে নামিয়ে আনবে পেপ গুয়ার্দিওলার দল।
অন্যদিকে ২৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে আছে উলভারহ্যাম্পটন।
ম্যাচের পঞ্চম মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন বুকায়ো সাকা। দলের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করা এই ইংলিশ ফরোয়ার্ড ১৬ ম্যাচ পর গোলের দেখা পেলেন। দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরো হিনকাপি।
এর মিনিট পাঁচেক পর এক গোল শোধ দেয় উলভারহ্যাম্পটন। এরপর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে চতুর্থ মিনিটে আর্সেনাল গোলক্ষক ডেভিড রায়া প্রতিপক্ষের একটি ক্রস প্রতিহত করতে ব্যর্থ হলে বল চলে যায় অভিষিক্ত টম ইডোজির পায়ে। ১৯ বছর বয়সী এই ফুটবলারের জোরাল শট ডিফেন্ডার রিকার্দো কালাফিওরির গায়ে লেগে জালে জড়ালে উল্লাসে মাতে স্বাগতিকরা।















মন্তব্য করুন: