ভিনিসুসের উদ্দেশে বর্ণবাদী আচরণ, কঠোর শাস্তির দাবি ব্রাজিলের

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভিনিসুসের উদ্দেশে বর্ণবাদী আচরণ, কঠোর শাস্তির দাবি ব্রাজিলের

চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসুস জুনিয়রকে বর্ণবাদী গালি দেওয়ার ঘটনায় ফিফা ও উয়েফার কাছে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

এই ঘটনায় এরই মধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

গত মঙ্গলবার লিসবনে নকআউট পর্বের প্লে-অফের প্রথম লেগের ম্যাচে ভিনিসুসের একমাত্র গোলে জয় পায় রিয়াল। গোলের উদযাপনের পর ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড অভিযোগ করেন, বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ান্নি তাকে বর্ণবাদী গালি দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেফারি উয়েফার বর্ণবাদ বিরোধী প্রোটোকল চালু করলে প্রায় ১১ মিনিট খেলা বন্ধ থাকে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সিবিএফ জানায়, ফিফাকে এই বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করার এবং উয়েফাকে দোষীদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

সিবিএফের পক্ষ থেকে উয়েফার কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে, যেখানে ভিনিসুসের সাক্ষ্য এবং উপস্থিত অন্যদের তথ্যের ভিত্তিতে একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানানো হয়েছে।

ঘটনার সময়ের টিভি ফুটেজে দেখা যায়, জার্সি দিয়ে মুখ দিয়ে ঢেকে কিছু একটা বলছেন প্রেস্তিয়ান্নি। সেই কথা শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ভিনিসুস ও আশেপাশে থাকা তার সতীর্থরা।

ম্যাচের পর কিলিয়ান এমবাপ্পে অভিযোগ করেন, জার্সিতে মুখ ঢেকে ভিনিসুসকে পাঁচবার বানর বলেছেন প্রেস্তিয়ান্নি। গত কয়েক বছর ধরে স্পেনের বিভিন্ন মাঠে বর্ণবাদের শিকার হওয়া ভিনিসুস সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে বর্ণবাদীদের কাপুরুষ হিসেবে আখ্যা দেন।

অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা প্রেস্তিয়ান্নি এই অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে তার ক্লাব বেনফিকা বিষয়টিকে তাদের খেলোয়াড়ের বিরুদ্ধে একটি ‘অপপ্রচার হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে।

রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানায়, তারা ম্যাচ চলার সময় ঘটে যাওয়া এই অগ্রহণযোগ্য ঘটনার যাবতীয় তথ্য ও প্রমাণ উয়েফার কাছে জমা দিয়েছে।

ফিফা প্রেসিডেন্ট জান্নি ইনফান্তিনো এই ঘটনায় গভীর শোক ও বিস্ময় প্রকাশ করেছেন। গত বছর ফিফা তাদের শৃঙ্খলাবিষয়ক আইনে ব্যাপক পরিবর্তন এনেছে, যেখানে বর্ণবাদী আচরণের দায়ে সর্বোচ্চ ৫০ লাখ সুইস ফ্রাঁ পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

উয়েফার নিয়ম অনুযায়ী, দোষী সাব্যস্ত হলে প্রেস্তিয়ান্নিকে অন্তত ১০ ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়তে হতে পারে।

মন্তব্য করুন: