এ বছরই ফুটবলকে বিদায় জানাতে পারেন নেইমার
২১ ফেব্রুয়ারি ২০২৬
ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। গত মাসে সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিতে পারেন তিনি।
গত বছর জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন নেইমার। ব্রাজিলের শীর্ষ লিগ থেকে দলের অবনমন ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি, যেখানে শেষ পাঁচ ম্যাচে তার পা থেকে আসে পাঁচটি গোল।
দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে সাথে লড়াই করা নেইমার বর্তমানে তার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আছেন। শুক্রবার ব্রাজিলের একটি অনলাইন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি জানি না এখন থেকে সামনে কী হতে যাচ্ছে, এমনকি পরের বছর সম্পর্কেও আমার কোনো ধারণা নেই। হতে পারে ডিসেম্বর এলেই আমার অবসরে যাওয়ার ইচ্ছা জাগবে। আমি এখন প্রতিটা বছর আলাদাভাবে হিসেব করে এগোচ্ছি।”
ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ ৭৯ গোলের মালিক নেইমার ২০২৩ সালের অক্টোবরের পর থেকে আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি। সম্প্রতি তার হাঁটুতে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হলেও আসন্ন বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ফলে এই বছর তার ক্যারিয়ারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
“এই বছরটি কেবল সান্তোসের জন্য নয়, ব্রাজিল জাতীয় দলের জন্যও খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি বিশ্বকাপের বছর।”
ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি এর আগে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য তিনি কেবল সেই খেলোয়াড়দেরই বিবেচনা করবেন যারা শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি ফিট থাকবেন।















মন্তব্য করুন: