ভিনিসুসের উদ্দেশে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে সাময়িক নিষিদ্ধ প্রেস্তিয়ান্নি
২৪ ফেব্রুয়ারি ২০২৬
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের ভিনিসুস জুনিয়রকে উদ্দেশ্য করা বর্ণবাদী মন্তব্যের অভিযোগের প্রেক্ষিতে বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ান্নিকে আপাতত এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। ফলে বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে নকআউট পর্বের প্লে-অফের ফিরতি লেগে মাঠে নামতে পারবেন না তিনি।
সোমবার এক বিবৃতিতে প্রেস্তিয়ান্নিকে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানায় ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
গত মঙ্গলবার লিসবনে নকআউট পর্বের প্লে-অফের প্রথম লেগে রিয়ালের ১-০ গোলে জয়ের ম্যাচে প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তোলেন ভিনিসুস। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের গোলের উদযাপনের পর হওয়া এই ঘটনায় খেলা প্রায় ১১ মিনিট বন্ধ থাকে।
ম্যাচ শেষে কিলিয়ান এমবাপ্পে দাবি করেন, জার্সিতে মুখ ঢেকে ভিনিসুসকে পাঁচবার ‘বানর’ বলেছেন প্রেস্তিয়ান্নি।
তবে সেই অভিযোগ অস্বীকার করেন প্রেস্তিয়ান্নি।
এই ঘটনার পরদিনই তদন্ত কমিটি গঠন করে উয়েফা। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে অন্তত ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ২০ বছর বয়সী প্রেস্তিয়ান্নি।















মন্তব্য করুন: