এমবাপ্পেকে ছাড়াই বেনফিকার মুখোমুখি রিয়াল

২৫ ফেব্রুয়ারি ২০২৬

এমবাপ্পেকে ছাড়াই বেনফিকার মুখোমুখি রিয়াল

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের শেষ ষোলো নিশ্চিতের অভিযানে কিলিয়ান এমবাপ্পের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। ফরাসি এই তারকাকে ছাড়াই বুধবার ঘরের মাঠে বেনফিকার বিপক্ষে নকআউট পর্বের প্লে-অফের ফিরতি লেগে মাঠে নামছে রিয়াল।

এমবাপ্পেকে ছাড়াই বুধবার ম্যাচের স্কোয়াড ঘোষণা করে স্প্যানিশ ক্লাবটি।

গত কয়েক মাস ধরে বাঁ হাঁটুর সমস্যায় ভোগা এমবাপ্পের বেনফিকার বিপক্ষে মাঠে নামা নিয়ে বড় অনিশ্চয়তা দেখা দেয় মঙ্গলবার। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে ইএসপিএন জানায়, অনুশীলনের সময় এই ফরোয়ার্ড পুনরায় হাঁটুতে অস্বস্তি অনুভব করেন।

২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের সমস্যা সমাধানের চেষ্টা করছে রিয়ালের চিকিৎসকরা। তবে ম্যাচে তার খেলা নিয়ে খোদ খেলোয়াড় এবং ক্লাবের মেডিকেল টিমের মধ্যে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছিল।

বেনফিকার বিপক্ষে গত ১৭ ফেব্রুয়ারি লিসবনে প্রথম লেগে ১-০ গোলে হারা ম্যাচের পুরো সময় খেলেছিলেন এমবাপ্পে। কিন্তু এরপর থেকেই তার অবস্থার অবনতি লক্ষ করা যাচ্ছে। গত শনিবার লিগে ওসাসুনার বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে তার নড়াচড়ায় বেশ জড়তা দেখা গিয়েছিল।

সূত্রমতে, এমবাপ্পে বর্তমানে তার স্বাভাবিক ক্ষমতার মাত্র ৬০ থেকে ৭০ শতাংশ দিয়ে খেলছেন। ক্লাবের চিকিৎসকরা মনে করছেন, এই অবস্থায় মাঠে নামলে চোট গুরুতর হওয়ার ঝুঁকি কম থাকলেও ব্যথার কারণে তিনি নিজের সেরাটা দিতে পারছেন না।

অবশ্য মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমবাপ্পের খেলার বিষয়ে আশার কথা শুনিয়েছিলেন কোচ আলভারো আরবেলোয়া।

এমবাপ্পের এই চোটের সমস্যা নতুন নয়। গত ডিসেম্বরে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এবং সবশেষ গত ১৪ ফেব্রুয়ারি রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার ম্যাচেও তিনি মাঠের বাইরে ছিলেন।

দুর্দান্ত ছন্দে থাকা এমবাপ্পে চলতি মৌসুমে রিয়ালের হয়ে লা লিগায় ২৩টি এবং চ্যাম্পিয়ন্স লিগে ১৩টি গোল করেছেন।

মন্তব্য করুন: