ভিনিসুসের পারফরম্যান্সে উচ্ছ্বসিত রিয়াল সতীর্থরা
২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রথম লেগে গোলের পর বেনফিকার বিপক্ষে ঘরের মাঠেও জয়সূচক গোল। ভিনিসুস জুনিয়রের পারফরম্যান্স নিয়ে তাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ সতীর্থ থিবো কোর্তোয়া-অহলিয়েঁ চুয়ামেনিরা।
বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে নকআউট পর্বের প্লে-অফের ফিরতি লেগে ৮০তম মিনিটে ভিনিসুসের গোলে পর ২-১ ব্যবধানে জয় পায় রিয়াল। দুই লেগ মিলিয়ে ৩-১ অগ্রগামিতায় চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় পা রাখে টুর্নামেন্টের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।
গত সপ্তাহে বেনফিকার মাঠে প্রথম লেগে ভিনিসুসের একমাত্র গোলে জিতেছিল রিয়াল। সেই ম্যাচে গোলের পর কর্নারের পতাকার কাছে গিয়ে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড নেচে উদযাপন করেন। এর প্রেক্ষিতে রিয়ালের খেলোয়াড়দের সঙ্গে বাদানুবাদে জড়ায় পর্তুগিজ ক্লাবটির খেলোয়াড়রা। এরপরই দলটির আর্জেন্টাইন উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তোলেন ভিনিসুস।
তবে ঘরের মাঠেও প্রতিপক্ষ সমর্থকদের দুয়োর মুখে পড়তে হয় এই ফরোয়ার্ডকে। যখনই তার পায়ে বল গিয়েছে তখনই বের্নাবেউয়ে উপস্থিত বেনফিকার ৩ হাজারের বেশি সমর্থক তাকে দুয়ো দিয়েছেন। যখন তিনি বল হারিয়েছেন তখন তারা তা উদযাপন করেছে। এমনকি ম্যাচের শুরুতে যখন ভিনিসুসের নাম ঘোষণা করা হয়, তখনও দুয়ো দিয়েছিলেন তারা।
মাঝমাঠ থেকে ফেদে ভালভের্দের বাড়ানো বলে দলকে এগিয়ে দেওয়ার পর এবারও কর্নারের পতাকার কাছে আগেরবারের মতো নেচে উদযাপন করেন ভিনিসুস। সবশেষ পাঁচ ম্যাচে রিয়ালের হয়ে এটি ছিল তার ষষ্ঠ গোল।
ম্যাচ শেষে ২৫ বছর বয়সী এই ফুটবলারের প্রশংসায় রিয়াল গোলরক্ষক কোর্তোয়া বলেন, “আমি খুশি যে ভিনি নাচছে এবং নাচতেই আছে। এর মানে হলো সে গোল করছে।”
অন্যদিকে ম্যাচের ১৬তম মিনিটে গোল করে রিয়ালকে সমতায় ফেরানো মিডফিল্ডার চুয়ামেনি বলেন, “এটাই আমাদের ভিনিসুস।”
হাঁটুর চোটের কারণে বেনফিকার বিপক্ষে খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকার অনুপস্থিতি ভিনিসুসকে নেতৃত্বে এগিয়ে আসতে হবে বলে জানান কোচ আলভারো আরবেলোয়া।
“কিলিয়ানকে ছাড়া আমাদের ভিনিকে আরও বেশি প্রয়োজন।… তাকে আমাদের নেতা হতে হবে।”















মন্তব্য করুন: