নকআউট পর্বে আবারও সিটিকে পেল রিয়াল, বার্সার প্রতিপক্ষ নিউক্যাসল

২৭ ফেব্রুয়ারি ২০২৬

নকআউট পর্বে আবারও সিটিকে পেল রিয়াল, বার্সার প্রতিপক্ষ নিউক্যাসল

গত কয়েক মৌসুম ধরে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির লড়াই যেন নিয়মিত সূচিতে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় এবারের আসরের শেষ ষোলোয় মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের এই দুই পরাশক্তি দল।

শুক্রবার সুইজারল্যান্ডে নিওঁতে অনুষ্ঠিত হয় শেষ ষোলোসহ চ্যাম্পিয়নস লিগের বাকি পর্বগুলোর ড্র। শেষ ষোলোয় নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে বার্সেলোনা। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তাদেরকে হারিয়ে গত বছর ক্লাব বিশ্বকাপ জেতা চেলসিকে।

২০১৯-২০ মৌসুম থেকে এ নিয়ে ষষ্ঠবারের মতো নকআউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল ও সিটি। চলতি মৌসুমের লিগপর্বে ইতোমধ্যে একবার মুখোমুখি হয়েছিল ইউরোপের এই দুই পরাশক্তি, যেখানে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারায় পেপ গুয়ার্দিওলার দল।

শীর্ষে থেকে লিগপর্ব শেষ করা আর্সেনাল শেষ ষোলোয় খেলবে বায়ার লেভারকুজেনের বিপক্ষে। কোয়ার্টার-ফাইনালে উঠতে পারলে ইংলিশ ক্লাবটি প্রতিপক্ষ হবে চমক জাগিয়ে শেষ ষোলোয় আশা বোদো/গ্লিম্ট ও স্পোর্তিং লিসবনের মধ্যকার ম্যাচে জয়ী দল।

এবারের শেষ ষোলোর ড্রয়ে বর্তনীর একপাশে পড়েছে রিয়াল, সিটি, লিভারপুল, পিএসজি, বায়ার্ন মিউনিখ ও চেলসির মতো দলগুলো। তারা সবাই সবশেষ ১০ বছরে ইউরোপ ক্লাব সেরা হওয়ার স্বাদ পেয়েছে। অন্যদিকে অপর বর্তনীর কোনো দলই সবশেষ ১০ বছরে চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি। সে পাশে থাকা কেবল বার্সেলোনাই এখন পর্যন্ত ইউরোপ ক্লাব সেরার মুকুট জিতেছে। কাতালান ক্লাবটি সবশেষ এই শিরোপা জেতে ২০১৫ সালে।

ফলে রিয়াল ও বার্সেলোনা নকআউট পর্বে তাদের সবগুলো ম্যাচ জিতে শিরোপা লড়াইয়ের উঠতে পারলে ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হবে।

আগামী ১০ ও ১১ মার্চ মাঠে গড়াবে শেষ ষোলোর প্রথম লেগ। ফিরতি লেগ হবে ১৭ ও ১৮ মার্চ।

কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ হবে ৭ ও ৮ এপ্রিল এবং ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ১৪ ও ১৫ এপ্রিল।

সেমি-ফাইনালের দুই লেগ হবে ২৮ ও ২৯ এপ্রিল এবং ৫ ও ৬ মে। হাঙ্গেরির বুদাপেস্টে শিরোপা লড়াই অনুষ্ঠিত হবে ৩০ মে।

শেষ ষোলোর সূচি:

রিয়াল মাদ্রিদ – ম্যানচেস্টার সিটি

আতালান্তা – বায়ার্ন মিউনিখ

নিউক্যাসল ইউনাইটেড – বার্সেলোনা

আতলেতিকো মাদ্রিদ – টটনাম হটস্পার

পিএসজি – চেলসি

গালাতাসারাই – লিভারপুল

বোদো/গ্লিম্ট – স্পোর্তিং লিসবন

বায়ার লেভারকুজেন – আর্সেনাল

কোয়ার্টার-ফাইনালের সূচি:

কোয়ার্টার-ফাইনাল ১: পিএসজি/চেলসি – গালাতাসারাই/লিভারপুল

কোয়ার্টার-ফাইনাল ২: রিয়াল মাদ্রিদ/ম্যানচেস্টার সিটি – আতালান্তা/বায়ার্ন মিউনিখ

কোয়ার্টার-ফাইনাল ৩: নিউক্যাসল ইউনাইটেড/বার্সেলোনা – আতলেতিকো মাদ্রিদ/টটনাম হটস্পার

কোয়ার্টার-ফাইনাল ৪: বোদো গ্লিম্ট/স্পোর্তিং লিসবন – বায়ার লেভারকুজেন/আর্সেনাল

সেমি-ফাইনালের সূচি:

সেমি-ফাইনাল ১: কোয়ার্টার-ফাইনাল ১ জয়ী – কোয়ার্টার-ফাইনাল ২ জয়ী

সেমি-ফাইনাল ২: কোয়ার্টার-ফাইনাল ৩ জয়ী – কোয়ার্টার-ফাইনাল ৪ জয়ী

মন্তব্য করুন: