জোড়া গোল করে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলেন নেইমার

২৭ ফেব্রুয়ারি ২০২৬

জোড়া গোল করে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলেন নেইমার

সাম্প্রতিক সময়ে গোলখরায় থাকা নেইমারকে বাতিলের বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন সমালোচকরা। তবে জোড়া গোল করে সান্তোসকে জিতিয়ে আসন্ন বিশ্বকাপে ব্রাজিল দলে নিজের জায়গা পাওয়ার দাবি জানিয়েছেন ৩৪ বছর বয়সি এই তারকা ফরোয়ার্ড।

শৈশবের ক্লাবটির হয়ে গত ডিসেম্বরে সবশেষ গোল করা নেইমার হাঁটুর অস্ত্রোপচারের পর সম্প্রতি মাঠে ফিরলেও গোলের দেখা পাননি। বৃহস্পতিবার ব্রাজিলিয়ান সেরি আয় ভাস্কো দা গামার বিপক্ষে তার নৈপুণ্যে ২-১ গোলের জয় পায় সান্তোস।

ম্যাচ শেষে সমালোচকদের এক হাত নিয়ে নেইমার জানান, নিজের সেরা ফিটনেস ফিরে পেতে কাজ করে যাচ্ছেন।

গত সপ্তাহে তারা বলেছিল আমি বিশ্বের সবচেয়ে খারাপ খেলোয়াড়। আজ আমি দুটি গোল করেছি, আর এটাই গুরুত্বপূর্ণ। এটাই ফুটবল। একদিন আপনি অকেজো কিংবা ‘অবসরপ্রাপ্ত। পরের দিনই মানুষ বলে আপনাকে বিশ্বকাপে যেতে হবে।

এটা ছিল বছরের আমার তৃতীয় ম্যাচ এবং মাত্র দ্বিতীয় পূর্ণ ৯০ মিনিট। শেষের দিকে কিছুটা পেশিকে কিছুটা টান অনুভব করছিলাম। তবে এটি প্রক্রিয়ারই একটা অংশ।

ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯টি গোল করা নেইমার ২০২৩ সালের অক্টোবরের পর চোটের কারণে আর হলুদ জার্সি গায়ে জড়াতে পারেননি।

২০২৬ সালের শুরুতে অস্ত্রোপচারের পর সম্প্রতি তিনি সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বারবার স্পষ্ট করে দিয়েছেন যে, নেইমার যদি শতভাগ ফিট থাকেন, তবেই তাকে বিশ্বকাপের জন্য বিবেচনা করা হবে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের আসর।

ম্যাচের ২৫তম মিনিটে প্রথম গোলটি করার পর নেইমার কর্নার পতাকার কাছে গিয়ে নেচে উদযাপন করেন। এটি ছিল চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে দুই লেগে গোল করার পর ভিনিসুস জুনিয়েরর নাচের মতো।

গোল উদযাপন প্রসঙ্গে নেইমার বলেন, “এই নাচটি ছিল ভিনিসুস জুনিয়রের জন্য। আমি তাকে বলেছিলাম, যখন সে পর্তুগালে তার প্রথম গোলটি করেছিল, তারা তাকে অপমান করেছিল, তার প্রতি বর্ণবাদী আচরণ করেছিল এবং আরও অনেক কিছু। আমি তাকে বলেছিলাম ‘তুমি গোল করে একই উদযাপন করো, আমি যদি গোল করি, আমিও তাই করব। ভিনি, এটা তোমার জন্য।

মন্তব্য করুন: