টানা পঞ্চমবার রিয়ালকে নকআউটে পেয়ে শেখার লক্ষ্য গুয়ার্দিওলার

২৮ ফেব্রুয়ারি ২০২৬

টানা পঞ্চমবার রিয়ালকে নকআউটে পেয়ে শেখার লক্ষ্য গুয়ার্দিওলার

টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। ইউরোপের সফলতম ক্লাবটিকে বারবার প্রতিপক্ষ হিসেবে পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলার।

শুক্রবার এবারের মৌসুমের শেষ ষোলোর ড্রয়ে রিয়ালকে পায় সিটি। চলতি মৌসুমে অবশ্য লিগপর্বে মুখোমুখি হয়েছিল ইউরোপের এই দুই পরাশক্তি। সেখানে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল গুয়ার্দিওলার দল।

২০২১-২২ মৌসুম থেকে প্রতিবারই নকআউট পর্বে দেখা হচ্ছে তাদের। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এবারই প্রথম টানা পাঁচ মৌসুমে নির্দিষ্ট দুটি দল নকআউটে পর্বে মুখোমুখি হতে যাচ্ছে।

লিডস ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়ালের মুখোমুখি হওয়া প্রসঙ্গে গুয়ার্দিওলা বলেন, “এটা আমাদের ক্লাবকে সাহায্য করবে। এই প্রতিযোগিতার ইতিহাসের সেরা দলগুলোর বিপক্ষে আমরা যত খেলব, ততই শিখব এবং উন্নতি করব। আর ভবিষ্যতে আরও ভালো হয়ে উঠব।

চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে রিয়াল ও সিটি। দুদলই জিতেছে পাঁচটি করে ম্যাচ। বাকি পাঁচটি ড্র হয়েছে।

দুই লেগের শেষ ষোলোর লড়াই অনুষ্ঠিত হবে আগামী মার্চে।

মন্তব্য করুন: