ইয়ামালের হ্যাটট্রিকে শীর্ষস্থান মজবুত করল বার্সা
১ মার্চ ২০২৬
লামিনে ইয়ামালের হ্যাটট্রিকে স্প্যানিশ লা লিগার শীর্ষস্থান মজবুত করেছে বার্সেলোনা। ঘরের মাঠে বড় জয়ে দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেছে কাতালান ক্লাবটি।
শুক্রবার কাম্প নউয়ে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারায় হানসি ফ্লিকের দল। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে দলের শেষ গোলটি করেন রবের্ট লেভানডফস্কি।
২৬ ম্যাচে ২১ জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৪। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। ২৬ ম্যাচে ৫১ পয়েন্টে তৃতীয় স্থানে আছে ভিয়ারিয়াল।
ফের্মিন লোপেসের বাড়ানো বল ধরে বক্সের ভেতর ঢুকে ২৮তম মিনিটে দলকে এগিয়ে দেন ইয়ামাল। এর ৯ মিনিট পর দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ডান দিকে বক্সের বাইরে একজনকে কাটিয়ে ভেতরে ঢুকে আরেকজনকে কাটান তিনি। আরও দুই খেলোয়াড় তার সামনে থাকলেও সেখান থেকে বাঁ পায়ের জোরাল শটে বল জালে জড়ান ১৮ বছর বয়সী এই তারকা।
৪৯তম মিনিটে ব্যবধান কমায় ভিয়ারিয়াল। এর খানিকবাদে পোস্ট ফাঁকায় পেলেও সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে দলটি।
মাঝমাঠ থেকে পেদ্রির বাড়ানো বল ধরে ৬৯তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়ামাল। চলতি মৌসুমে ২২ ম্যাচে তার গোল এখন ১৩টি। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোলের দেখা পান লেভানডফস্কি।
আগামী মঙ্গলবার ঘরের মাঠে কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ৪-০ গোলে হারে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।















মন্তব্য করুন: