চীনের বিপক্ষে উচ্চাকাঙ্ক্ষা রাখছেন না বাংলাদেশ কোচ
২ মার্চ ২০২৬
বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে মেয়েদের এএফসি এশিয়ান কাপের মূলপর্বে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশ। দেশের মেয়েদের ফুটবলের জন্য এটিকে ঐতিহাসিক ম্যাচ হিসেবে আখ্যা দিয়েছেন কোচ পিটার বাটলার। একই সঙ্গে ফিফা র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে উচ্চাকাঙ্ক্ষা না রেখে বাস্তবসম্মত লক্ষ্যে থাকার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সিডনিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় টুর্নামেন্টের ৯ বারের শিরোপা জয়ী চীনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজেদের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন বাটলার।
“আমরা এখানে বাংলাদেশের মেয়েদের ফুটবলের ইতিহাসে সবচেয়ে ঐতিহাসিক ম্যাচ খেলতে এসেছি। কোয়ালিফাই করার জন্য মেয়েরা দারুণ করেছে। আমরা এখানে এসেছি ভবিষ্যতের আসরগুলোর জন্য নিজেদের পদচিহ্ন রাখতে ও ভিত তৈরি করতে।”
“আমরা এখন বড়দের সঙ্গে খেলছি। তাই আমরা কি অর্জন করতে চাই সে বিষয়ে বাস্তবসম্মত চিন্তা করতে হবে। আমি সত্যিই বিশ্বাস করি যে আমরা এখানে কোনো উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আসিনি, এসেছি বাস্তবসম্মত লক্ষ্য নিয়ে।”
শক্তিমত্তার বিচারে দু’দলের পার্থক্য এমনিতেই আকাশ-পাতাল। ফিফা র্যাঙ্কিংয়ের ১৭ নম্বরে আছে চীন। অন্যদিকে বাংলাদেশের অবস্থান ১১২ নম্বরে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২ দলের মধ্যে সবার নিচে আছে আফঈদা-ঋতুপর্ণারা। ফলে এই ম্যাচকে বড়-ছোটর অসম লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশ কোচ।
“তারা খুবই ভালো দল। বেশ ভালো প্রশিক্ষণও পেয়েছে। এটা ডেভিড বনাম গোলায়েথ। আমরা তাদের পর্যায়ের নই।”
চীনের বিপক্ষে রক্ষণাত্মক কৌশলে না খেলে নিজেদের আক্রমণাত্মক কৌশলেই খেলানোর কথা জানিয়ে বাটলার বলেন, “আমাদের নিজেদের একটি পরিকল্পনা আছে এবং ফল যা-ই হোক না কেনো, আমরা এভাবেই খেলতে চাই। ফল যেমনই হোক না কেন, আমরা অতিরক্ষণাত্মক খেলব না। কারণ আমরা সেভাবে খেলি না।”
গত বছরের জুলাইয়ে এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করার পর থাইল্যান্ডের বিপক্ষে হাইলাইন ডিফেন্সে খেলে ৫ গোল হজম করে বাংলাদেশ। চীনের বিপক্ষেও এমন কৌশলেই থাকার কথা জানান অধিনায়ক আফঈদা খন্দকার।
“আমরা এখানে বেশ কিছুদিন ধরেই অনুশীলন করছি। দিন দিন উন্নতি করছি। আমরা হাইলাইন ডিফেন্সেই খেলব, যা খেলেছি।”
“আমরা কোনো চাপ নিচ্ছি না। আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, দেশের মানুষের জন্য খেলছি। আমরা এখানে এসেছি খেলাটি উপভোগ করতে। মাঠে নামলে আমরা তাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে দেখব না, বরং আমাদের নিজেদের খেলাটা খেলব এবং সেরাটা দেওয়ার চেষ্টা করব।”















মন্তব্য করুন: