লড়াই করে চীনের কাছে হারল বাংলাদেশ

লড়াই করে চীনের কাছে হারল বাংলাদেশ

শক্তিমত্তায় ও শারীরিক গঠনের দিক দিয়ে দুই দলের পার্থক্য ছিল আকাশ-পাতাল। তবে মেয়েদের এএফসি এশিয়ান কাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে সমানে সমান লড়াই করে হেরে গেছে বাংলাদেশ।

মঙ্গলবার সিডনিতে ‘বি’ গ্রুপের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চীনের কাছে ২-০ গোলে হারে পিটার বাটলারের দল। দুটি গোলই হয়েছে প্রথমার্ধের শেষ দিকে।

প্রথমবারের মতো মেয়েদের এশিয়ান কাপে খেলতে যাওয়া বাংলাদেশের সঙ্গে টুর্নামেন্টের রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন চীনের র‌্যাঙ্কিংয়ের ব্যবধান ছিল ৯৫। তবে ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৭ নম্বরে থাকা দলটির সঙ্গে সমান তালে পাল্লা দেয় ১১২ নম্বরে থাকা আফঈদা-ঋতুপর্ণারা। ম্যাচের প্রায় ৪১ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে তারা। গোলের জন্য নেওয়া আটটি শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে দুটি।

অন্যদিকে ২৪ শট নেওয়া চীন লক্ষ্যে রাখতে পারে ১০টি। তবে বাংলাদেশকে আরও গোল হজমের হাত থেকে বাঁচান গোলরক্ষক মিলি আক্তার।

ম্যাচের ১৪তম মিনিটে ঋতুপর্ণা চাকমার দারুণ এক শট ঠেকিয়ে বাংলাদেশকে এগিয়ে যেতে দেননি চীনের গোলকিপার। বাঁ উইং ফাঁকায় পেয়ে বল নিয়ে এগিয়ে যান ঋতুপর্ণা। গায়ের সঙ্গে ডিফেন্ডার লেগে থাকলেও বক্সের বেশ বাইরে থেকে শট নেন এই উইঙ্গার। বল বাতাসে ভাসতে ভাসতে গোলপোস্টে ঢোকার আগ মুহূর্তে শূন্যে লাফিয়ে তা ঠেকিয়ে দেন গোলরক্ষক।

এর ১০ মিনিট পর বাংলাদেশের জালে বল জড়ালেও ভিএআর দেখে অফসাইডের কারণে তা বাতিল করে দেন রেফারি। তবে জাল আর অক্ষত রাখতে পারেনি বাংলাদেশ। ৪৪তম মিনিটে দূরপাল্লার শটে এগিয়ে যায় চীন। এরপর ৮ মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে আরেকটি গোল হজম করে বাটলারের দল।

৬৮তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া দূরপাল্লার শূন্যে লাফিয়ে ঠেকিয়ে দেন মিলি। এরপর বক্সের বাইরে থেকে বাংলাদেশ বেশ কয়েকটি আক্রমণ চালালেও তা লক্ষ্যে রাখতে পারেনি।

আগামী শুক্রবার ফিফা র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সোমবার গ্রুপপর্বের শেষ ম্যাচ ৪৯ নম্বরে থাকা উজবেকিস্তানের বিপক্ষে।

মন্তব্য করুন: