বিশ্বকাপ শুরুর ৩ মাস আগে ছিটকে গেলেন ব্রাজিলের রদ্রিগো

বিশ্বকাপ শুরুর ৩ মাস আগে ছিটকে গেলেন ব্রাজিলের রদ্রিগো

বিশ্বকাপ শুরু হতে এখনও তিন মাসের বেশি বাকি। তবে এর আগেই রদ্রিগোকে নিয়ে বড় দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল। ডান হাঁটুর চোটের কারণে মৌসুমের বাকি অংশ এবং বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।

গত সোমবার লা লিগায় গেতাফের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচের হাঁটুর চোটে পড়েন রদ্রিগো। মাংশপেশির চোট কাটিয়ে সেদিন এক মাসের বেশি সময় পর বদলি হিসেবে ৫৪তম মিনিটে মাঠে নামেন তিনি। ম্যাচের ৬৬তম মিনিটে বাঁ প্রান্তের আক্রমণভাগে বলের দখলের লড়াইয়ের সময় অস্বস্তিতে পড়তে দেখা যায় তাকে। পরে অবশ্য সেভাবেই ম্যাচ শেষ করেন তিনি।

মঙ্গলবার এক বিবৃতিতে রিয়াল জানায়, পরীক্ষা-নিরীক্ষার পর রদ্রিগোর ডান হাঁটুর অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) এবং মেনিসকাস ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়েছে।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে এটিকে নিজের জীবনের সবচেয়ে বাজে দিন হিসেবে আখ্যা দেন রদ্রিগো। একই সঙ্গে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ না হওয়া নিয়ে হতাশাও প্রকাশ করেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।

আমার জীবনে এবং ক্যারিয়ারে এক বিশাল বাধা এসে দাঁড়িয়েছে, যা আমাকে প্রিয় কাজ থেকে কিছু সময়ের জন্য দূরে সরিয়ে দেবে। আমি আমার ক্লাবের হয়ে এই মৌসুমের বাকি অংশ এবং নিজ দেশের হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছি, যেই স্বপ্নটি আমার কাছে কতটা মূল্যবান তা সবাই জানেন। এখন আমি কেবল বরাবরের মতো শক্ত থাকতে পারি।

রদ্রিগোর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে ইএসপিএন জানায়, অন্তত আট মাস মাঠের বাইরে থাকতে হতে পারে রদ্রিগোকে। তবে তার ফেরার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে অস্ত্রোপচার পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ার ওপর।

পরে এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) রদ্রিগোর প্রতি সংহতি প্রকাশ করে করেছে।

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচে ৩টি গোল এবং ৬টি অ্যাসিস্ট করেছেন রদ্রিগো।

গত বছর বিশ্বকাপ বাছাইপর্বের শেষ চার ম্যাচে ব্রাজিল দলে ছিলেন না তিনি। তবে কোচ কার্লো আনচেলত্তি অক্টোবর ও নভেম্বরের প্রীতি ম্যাচগুলোতে তাকে নিয়মিত খেলিয়েছিলেন।

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর।

মন্তব্য করুন: