শেষ মুহূর্তের গোলে তলানির দলের কাছে হার, বিব্রতকর রেকর্ডে লিভারপুল

শেষ মুহূর্তের গোলে তলানির দলের কাছে হার, বিব্রতকর রেকর্ডে লিভারপুল

যোগ করা সময়ে গোল হজম করে পয়েন্ট তালিকার তলানির দল উলভারহ্যাম্পটনের কাছে হেরে গেছে লিভারপুল। এরই সঙ্গে প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে যোগ করা সময়ের গোলে সবচেয়ে বেশি ম্যাচে হারের মুখ দেখার অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখিয়েছে আর্নে স্লটের দল।

মঙ্গলবার উলভারহ্যাম্পটনের মাঠে - গোলে হারে আর্নে স্লটের দল। লিগে টানা তিন জয়ের পর আবার হারল তারা।

৭৮তম মিনিটে রদ্রিগো গোমেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পাঁচ মিনিট পর লিভারপুলকে সমতায় ফেরান মোহাম্মদ সালাহ। লিগে ১০ ম্যাচ পর গোলের দেখা পেলেন মিশরীয় এই তারকা।

ছয় মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে লিভারপুলের পয়েন্ট নিয়ে ফেরার আশা শেষ করে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দ্রে। ডি বক্সের বাইরে থেকে তার নেওয়া শট ডিফেন্ডার জো গোমেজের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ালে উল্লাসে মাতে স্বাগতিকরা।

এই নিয়ে চলতি মৌসুমে পঞ্চম ম্যাচে যোগ করা সময়ে গোল হজম করে হারল লিভারপুল। টুর্নামেন্ট ইতিহাসে আর কোনো দল এক মৌসুমে এতগুলো ম্যাচে যোগ করা সময়ের গোলে হারেনি।

সব মিলিয়ে চলতি মৌসুমে লিগে ২৯ ম্যাচের ৯টিতে হারল বর্তমান চ্যাম্পিয়নরা। ১৪ জয় ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে তারা। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে পিছিয়ে আছে ১৬ পয়েন্টে।

অন্যদিকে ৩০ ম্যাচে এটি তৃতীয় জয় উলভারহ্যাম্পটনের। ১৬ পয়েন্ট নিয়ে তালিকার ২০ নম্বরে আছে তারা।

শেষ মুহূর্তে গোল হজম করে আরেকটি ম্যাচে হারের পর স্লট বলেন, “আমরা অনেক বেশি ম্যাচ হারছি এবং পয়েন্ট হারাচ্ছি।… এই মৌসুমে এটা আমাদের সঙ্গে অনেকবার হয়েছে। যোগ করা সময়ে এটা হওয়াটা কাকতালীয় হতে পারে। আজ আমরা খুব কমই সুযোগ দিয়েছি। সুযোগ দিয়েছি একটি, আর গোল হজম করেছি দুটি।

আগামী শুক্রবার এফএ কাপে আবারও উলভারহ্যাম্পটনের মুখোমুখি হবে লিভারপুল।

মন্তব্য করুন: