চোটে মাঠের বাইরে রোনালদো

চোটে মাঠের বাইরে রোনালদো

সৌদি প্রো লিগে আল ফাইহার বিপক্ষে সবশেষ ম‍্যাচে পাওয়া হ‍্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠ থেকে ছিটকে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ মহাতারকা কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে কিছু জানায়নি তার ক্লাব আল-নাসের।

মঙ্গলবার এক বিবৃতিতে ক্লাবটি জানায়, আল ফাইহা ম‍্যাচের পর পরীক্ষায় রোনালদোর হ‍্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন এবং প্রতিদিন তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে।

গত শনিবার আল ফাইহার বিপক্ষে আল-নাসেরের ৩-১ গোলে জয়ের ম্যাচে পেনাল্টি মিস করেন রোনালদো। ম্যাচের ৮১তম মিনিটে বদলি হিসেবে মাঠ ছাড়েন এই ৪১ বছর বয়সী ফরোয়ার্ড।

সৌদি প্রো লিগের শীর্ষে থাকা আল-নাসের ছাড়াও বিশ্বকাপের তিন মাস আগে অধিনায়কের চোটের খবর পর্তুগালের জন‍্যও বড় ধাক্কা।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা করার পর এশিয়ান চ‍্যাম্পিয়নস লিগ ও চ‍্যাম্পিয়নস লিগ ২ এর খেলা বন্ধ করেছে এএফসি। তবে সৌদি আরব এখনও ঘরোয়া খেলা বন্ধ করেনি।

১ হাজার গোলের মাইলফলকের পথে ছুটে চলা রোনালদোর বর্তমান গোল সংখ্যা ৯৬৫টি।

মন্তব্য করুন: