মিলির নৈপুণ্যের পরও উত্তর কোরিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ
৬ মার্চ ২০২৬
চীনের বিপক্ষে মেয়েদের এএফসি এশিয়ান কাপে দুর্দান্ত পারফরম্যান্সে আসর শুরু করা বাংলাদেশ নিজেদের পরের ম্যাচে উত্তর কোরিয়ার কাছে পাত্তাই পেল না। গোলরক্ষক মিলি আক্তারের নৈপুণ্যের পরও একপেশে ম্যাচে শক্তিমত্তায় যোজন-যোজন এগিয়ে থাকা দলটির কাছে উড়ে গেছে পিটার বাটলারের দল।
শুক্রবার সিডনিতে ‘বি’ গ্রুপের ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারে বাংলাদেশ। তবে প্রথমার্ধে তিন গোল বাতিল না হলে এবং গোলপোস্টের নিচে মিলি দুর্দান্ত কিছু সেফ না করলে পরাজয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত।
বড় হারে নিজেদের অভিষেক আসের কোয়ার্টার-ফাইনালের খেলার আশা অনেকটাই ফিকে হয়ে গেছে আফঈদা-ঋতুপর্ণাদের। দুই ম্যাচে মোট ৭ গোল হজম করে গ্রুপের তলানিতে আছে তারা।
তিন গ্রুপের সেরা দুই তৃতীয় দল সুযোগ পাবে কোয়ার্টার-ফাইনালে।
ফিফা র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা উত্তর কোরিয়ার বিপক্ষে গোলের জন্য কোনো শটই নিতে পারেনি ১১২ নম্বরে থাকা বাংলাদেশ। বিপরীতে ৬১ শতাংশ সময় বল দখলে রাখা তিনবারের এশিয়ান কাপ জয়ীরা ২৯ শটের মধ্যে ১১টি রাখে লক্ষ্যে।
ম্যাচের ১৪তম মিনিটে উত্তর কোরিয়া বল জালে জড়ালেও ভিএআর পরীক্ষার পর হ্যান্ডবলের কারণে তা বাতিল করা হয়। ২৬তম মিনিটে আরেকবার বল জালে জড়ায় তারা। কিন্তু মিলির ধরে রাখা বল শট দিয়ে জালে জড়ালে ভিএআর দেখে তা বাতিল করেন রেফারি। পাঁচ মিনিট পর অফসাইডের কারণে আরেকটি গোল বাতিল হয় উত্তর কোরিয়ার।
ছয় মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে অসাধারণ নৈপুণ্যে দলকে বাঁচান মিলি। তবে বিরতির আগেই পেনাল্টি থেকে এগিয়ে যায় কোরিয়ানরা। এর দুই মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ হয় তাদের। চীনের বিপক্ষেও বিরতির আগে দুই গোল হজম করেছিল বাটলারের দল।
দ্বিতীয়ার্ধে ৬২তম ও ৬৪তম মিনিটে আরও দুই গোল হজম করে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ। ৯০তম মিনিটে শেষ গোল হজম করে তারা।
পার্থে আগামী সোমবার গ্রুপপর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।















মন্তব্য করুন: