পারল না বাংলাদেশ, হেরে এশিয়ান কাপ থেকে বিদায়

পারল না বাংলাদেশ, হেরে এশিয়ান কাপ থেকে বিদায়

মেয়েদের এএফসি এশিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে খেলতে হলে উজবেকিস্তানকে ৫ গোলের ব্যবধানে হারাতে হতো বাংলাদেশের। তবে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬৩ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে লড়াই করলেও জিততে পারেনি পিটার বাটলারের দল।

সোমবার পার্থে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হারে বাংলাদেশ। প্রথমার্ধে এক গোলের পর দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল হজম করে তারা।

গ্রুপপর্বের তিন ম্যাচে হেরে কোনো পয়েন্ট ছাড়াই নিজেদের অভিষেক আসর শেষ করল বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে ১১২ নম্বরে থাকা দলটি টুর্নামেন্টে মোট গোল হজম করেছে ১১টি।

বর্তমান ও রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন চীনের কাছে ২-০ গোলে হেরে আসর শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা উত্তর কোরিয়ার কাছে হারে ৫-০ গোলে। ফলে তিন গ্রুপের মধ্যে তৃতীয় স্থানের শীর্ষ দুটি দলের মধ্যে থাকতে হলে এই ম্যাচে আফঈদা-ঋতুপর্ণাদের জিততে হতো ৫ গোলের ব্যবধানে।

র‌্যাঙ্কিংয়ে ৪৯ নম্বরে থাকা উজবেকিস্তানের বিপক্ষে প্রায় ৫৬ শতাংশ সময় বল দখলে রাখা বাটলারের দল গোলের জন্য শট নেয় ১০টি, যার মধ্যে লক্ষ্যে রাখতে পারে তিনটি। অন্যদিকে ১৩ শট নেওয়া উজবেকিস্তান লক্ষ্যে রাখতে পারে সাতটি।

ম্যাচের সপ্তম মিনিটে বক্সের বাইরে গিয়ে দলকে বাঁচাতে গিয়ে হলুদ কার্ড দেখেন গোলরক্ষক মিলি আক্তার। এর তিন মিনিট পর এগিয়ে যায় উজবেকিস্তান। ৩১তম মিনিটে দলকে সমতায় ফেরানোর বেশ কাছে যান ঋতুপর্ণা চাকমা। কিন্তু চীন ম্যাচের মতো বক্সের বাইরে থেকে নেওয়া তার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক।

বিরতির আগে বক্সের ভেতর তহুরা খাতুনের বানিয়ে দেওয়া বল কাজে লাগাতে পারেননি কোহাতি কিসকু। দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ালেও সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ। উল্টো ৬২ থেকে ৬৬ মিনিটের মধ্যে আরও দুই গোল হজম করে বসে তারা। এর চার মিনিট পর ভিএআর পরীক্ষার পর তাদের আরেকটি গোল বাতিল হয়। ৮৮তম মিনিটে শেষ গোলটি হজম করে বাংলাদেশ।

বড় জয়ে ‘বি’ গ্রুপ থেকে তৃতীয় দল হিসেবে কোয়ার্টার-ফাইনালে ওঠে উজবেকিস্তান।

মন্তব্য করুন: