ব্রাজিল দলে ফেরার পথে আরেকটি ধাক্কা নেইমারের
১০ মার্চ ২০২৬
মার্চের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে আগামী সপ্তাহে দল ঘোষণা করবে ব্রাজিল। এমন সময় জাতীয় দলের জার্সিতে ফেরার পথে আরেকটি ধাক্কা খেয়েছেন নেইমার। মাংশপেশির চোটের কারণে সান্তোসের পরের ম্যাচ থেকে ছিটকে গেছেন এই তারকা ফরোয়ার্ড।
মঙ্গলবার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে মিরাসোলের বিপক্ষে মাঠে নামবে সান্তোস।
ক্লাবটি জানায়, সতর্কতার অংশ হিসেবে এই ম্যাচে নেইমারকে রাখা হয়নি। অন্যদিকে ৩৪ বছর বয়সী এই তারকার খেলা মাঠে বসে দেখতে রিও ডি জেনিরিও থেকে সাও পাওলোয় গেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) ও জাতীয় দলের টেকনিক্যাল কমিটির সঙ্গে সম্পর্কিত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, নেইমারের এই ছিটকে যাওয়ার খবরে সিবিএফ ও আনচেলত্তি উভয়ই অবাক ও হতাশ হয়েছেন।
আনচেলত্তি আগেই সাফ জানিয়ে দিয়েছেন, যারা শারীরিকভাবে শতভাগ ফিট এবং আধুনিক ফুটবলের গতিময় চাহিদা মেটাতে সক্ষম, কেবল তাদেরকেই তিনি জাতীয় দলে বিবেচনা করবেন। ফলে এমন সময় চোটে পড়ায় আগামী ২৬ মার্চ ফ্রান্স ও ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে নেইমারের জায়গা না পাওয়ার শঙ্কা বাড়িয়ে দিয়েছে।
ম্যাচ দুটির জন্য আগামী সোমবার ব্রাজিল দল ঘোষণা করবেন আনচেলত্তি।
১২৮ ম্যাচে ৭৯ গোল নিয়ে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি। গুরুতর হাঁটু এবং লিগামেন্টের চোট বারবার তার ফেরাকে বাধাগ্রস্ত করছে। ২০২৫ সালের জানুয়ারিতে সৌদি আরবের আল-হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর কিছু ঝলক দেখালেও চোটের কারণে ধারাবাহিক হতে পারছেন না তিনি।
অন্যদিকে ভিনিসুস জুনিয়র, রাফিনিয়া, এস্তেভাও, এনদ্রিক ও মাথেউস কুইয়ার মতো ব্রাজিলের আক্রমণভাগের খেলোয়াড়রা দারুণ ছন্দে রয়েছেন।
আগামী রোববার করিন্থিয়ানসের বিপক্ষে ম্যাচে নেইমার ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে সেদিন রিও ডি জেনিরিওতে বোতাফোগো-ফ্লামেঙ্গো ম্যাচ দেখবেন আনচেলত্তি। তার সহকারীরা থাকবেন সান্তোসের ম্যাচে।
ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিতে খুব একটা সময় হাতে নেই নেইমারের। আগামী মে মাসে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ্বকাপের এবারের আসর।















মন্তব্য করুন: