ইয়ামালের গোলে বার্সার ড্র, হারল লিভারপুল
১১ মার্চ ২০২৬
ম্যাচের অন্তিম মুহূর্তে পাওয়া পেনাল্টি থেকে লামিনে ইয়ামালের গোলে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হার এড়িয়েছে বার্সেলোনা। অন্যদিকে কোচ আর্নে স্লটের শততম ম্যাচে গালাতাসারাইয়ের মাঠে হেরে গেছে লিভারপুল।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার নিউক্যাসলের মাঠে ১-১ সমতায় ম্যাচ শেষ করে বার্সেলোনা।
বল দখলের লড়াইয়ে হানসি ফ্লিকের দল এগিয়ে থাকলেও আক্রমণভাগে ছড়ি ঘোরায় ইংলিশ প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা নিউক্যাসল। ৪৬ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য তারা শট নেয় ১৬টি, যার মধ্যে লক্ষ্যে থাকে চারটি। অন্যদিকে ৯টি শট নেওয়া বার্সেলোনা লক্ষ্যে রাখতে পারে কেবল দুটি।
ম্যাচের চতুর্থ মিনিটেই গোল হজম করতে বসেছিল বার্সেলোনা। তবে গোললাইন থেকে তা ফিরিয়ে দিয়ে দলকে রক্ষা করেন ডিফেন্ডার পাউ কুবার্সি। আক্রমণের চাপ সামলে এগিয়ে যাওয়ার সুযোগ পায় বার্সেলোনাও। কিন্তু ৩৬তম মিনিটে সরাসরি বল গোলরক্ষক বরাবর মারেন ফের্মিন লোপেস।
৭৪তম মিনিটে বার্সেলোনার জালে নিউক্যাসলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়েলিন্তন বল জড়ালে অফসাইডের কারণে গোল হয়নি। অবশেষে ৮৬তম মিনিটে সফল হয় স্বাগতিকরা। হার্ভি বার্নসের গোলে এগিয়ে যায় তারা।
যোগ করা সময়ের শেষ দিকে ডি-বক্সের ভেতর দানি ওলমোকে ফাউল করা হলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট কিক থেকে বল জালে জড়িয়ে দলকে স্বস্তি এনে দেন ইয়ামাল।
দিনের প্রথম ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের মাঠে একের পর এক সুযোগ হাতছাড়া করে ১-০ গোলে হারে লিভারপুল। কর্নার থেকে পাওয়া বল সপ্তম মিনিটে হেডে জালে জড়িয়ে স্বাগতিকদের এগিয়ে দেন মারিও লেমিনা।
এদিন লিভারপুলের হয়ে ১০০তম ম্যাচে ডাগআউটে দাঁড়ান স্লট। তবে হতাশাজনক মৌসুমে উপলক্ষটা জয় দিয়ে রাঙাতে পারলেন না এই ডাচ কোচ।
জেমি ক্যারাঘারকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের হয়ে সর্বোচ্চ ৮১ ম্যাচে মাঠে নামার রেকর্ড গড়েন মোহাম্মদ সালাহ। কিন্তু তেমন কিছু করতে না পারায় মিশরীয় এই তারকাতে ৬০তম মিনিটে তুলে নেন কোচ।
আগামী বুধবার ফিরতি লেগ অনুষ্ঠিত হবে।















মন্তব্য করুন: