বায়ার্ন-আতলেতিকোর গোলউৎসব
১১ মার্চ ২০২৬
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে প্রতিপক্ষের জালে গোলউৎসব করেছে বায়ার্ন মিউনিখ ও আতলেতিকো মাদ্রিদ। বড় জয়ে কোয়ার্টার-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে দুই দল।
মঙ্গলবার ইতালিয়ান ক্লাব আতালান্তাকে ৬-১ গোলে বিধ্বস্ত করে বায়ার্ন। প্রতিপক্ষের মাঠে দুই অর্ধে তিনটি করে গোল করে জার্মান চ্যাম্পিয়নরা।
ম্যাচজুড়ে দাপুটে ফুটবল খেলা ভিনসেন্ট কোম্পানির দল ৭১ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে। গোলের জন্য নেওয়া ২৫ শটের মধ্যে তারা লক্ষ্যে রাখে ১৩টি। অন্যদিকে আট শট নেওয়া আতালান্তা লক্ষ্যে রাখতে পারে দুটি।
বায়ার্নের হয়ে ১২তম মিনিটে গোলউৎসবের শুরুটা করেন ইয়েসিপ স্তানিসিচ। এরপর একে একে স্কোরশিটে নাম তোলেন মাইকেল ওলিসে, সের্জ গ্যানাব্রি, নিকোলাস জ্যাকসন ও জামাল মুসিয়ালা। এদের মধ্যে জোড়া গোল করেন ওলিসে।
যোগ করা সময়ে তৃতীয় মিনিটে আতালান্তার একমাত্র গোলটি করেন মারিও পাসালিচ।
একই সময় ঘরের মাঠে টটনাম হটস্পারকে ৫-২ গোলে হারায় আতলেতিকো। ম্যাচের ২২ মিনিটের ভেতর ৪ গোলে এগিয়ে যায় দিয়েগো সিমিওনের দল। ষষ্ঠ মিনিটে যার শুরুটা হয় মার্কোস লরেন্তের গোলে। এরপর গোল করেন আতোয়াঁ গ্রিজমান, হুলিয়ান আলভারেস ও রবিন লে নর্মান্দ। ২৬তম মিনিটে এক গোল শোধ দেয় টটনাম।
বিরতির পর নিজের দ্বিতীয় গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেস।
কোয়ার্টার-ফাইনালে নিশ্চিতের অভিযানে আগামী বুধবার ফিরতি লেগে মাঠে নামবে বায়ার্ন ও আতলেতিকো।















মন্তব্য করুন: