চেলসির জালে পিএসজির গোলউৎসব, হার এড়াল আর্সেনাল

১২ মার্চ ২০২৬

চেলসির জালে পিএসজির গোলউৎসব, হার এড়াল আর্সেনাল

দুই দফায় পিছিয়ে পড়ার পর সমতায় ফিরেছিল চেলসি। কিন্তু এরপর পিএসজির আক্রমণাত্মক ফুটবলের সঙ্গে আর পেরে ওঠেনি তারা। এতেই বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার-ফাইনালের পথে এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে বায়ার লেভারকুজেনের সঙ্গে কোনোমতে ড্র করে মাঠ ছেড়েছে আর্সেনাল।

শেষ ষোলোর প্রথম লেগে বুধবার প্যারিসে চেলসিকে ৫-২ গোলে হারায় পিএসজি। বদলি হিসেবে নেমে জোড়া গোল করেন খাভিচা কাভারাৎস্খেলিয়া।

আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে দশম মিনিটে ব্রাডলি বারকোলার গোলে এগিয়ে যায় পিএসজি। মালো গুস্তোর গোলে ২৮তম মিনিটে সমতায় ফেরে চেলসি।

পাল্টা আক্রমণে ৪০তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন উসমান দেম্বেলে। নিজেদের অর্ধ থেকে দিজিরে দুয়ের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান ব্যালন ডিঅর জয়ী এই ফরাসি তারকা।

৫৭তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেসের গোলে আবার সমতায় ফেরে পিএসজিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জেতা চেলসি।

৭৪তম মিনিটে চেলসি গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান বাড়ান ভিতিনিয়া। ৮৬তম মিনিটে পিএসজির চতুর্থ গোলটি করেন কাভারাৎস্খেলিয়া। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান আরও বাড়ান জর্জিয়ার এই ফরোয়ার্ড।

চলতি আসরে এবারই প্রথম আগে গোল হজম করে আর্সেনালদিনের প্রথম ম্যাচে লেভারকুজেনের মাঠে ১-১ গোলে ড্র করে আর্সেনাল। লিগপর্বে একমাত্র দল হিসেবে আট ম্যাচের সবকটিতে জিতে শেষ ষোলোয় পা রাখা মিকেল আর্তেতার দল চলতি আসরে প্রথমবারের মতো আগে গোল হজম করে। ম্যাচের ৪৬তম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে হেডে স্বাগতিকদের এগিয়ে দেন জার্মান মিডফিল্ডার রবের্ট আনড্রিখ।

ম্যাচে ফিরতে আর্সেনালকে অপেক্ষা করতে হয় নির্ধারিত সময় শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। পেনাল্টি থেকে ৮৯তম মিনিটে দলকে সমতায় ফেরান কাই হাভার্টজ।

এই দলগুলো ফিরতি লেগে মাঠে নামবে আগামী মঙ্গলবার।

মন্তব্য করুন: