রিয়ালের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর খুব একটা সম্ভাবনা দেখছেন না সিটি কোচ

১২ মার্চ ২০২৬

রিয়ালের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর খুব একটা সম্ভাবনা দেখছেন না সিটি কোচ

রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হওয়ার পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ ম্যানচেস্টার সিটির জন্য খুব একটা নেই বলে মন্তব্য করেছেন কোচ পেপ গুয়ার্দিওলা।

বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে শেষ ষোলোর প্রথম লেগে সিটিকে ৩-০ গোলে হারায় রিয়াল। প্রথমার্ধের ২২ মিনিটের মধ্যে ফেদেরিকো ভালভের্দে হ্যাটট্রিক করে টুর্নামেন্টের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের জয়ের পথে এগিয়ে রাখেন।

আগামী মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। এমন হারের পর সিটির কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে গুয়ার্দিওলা বলেন, “এখন, খুব একটা নেই। অবশ্যই আমরা চেষ্টা করতে যাচ্ছি। আমাদের কী আরও ভালো করতে হবে তা আমরা দেখব এবং ফাইনাল থার্ডে আরও সক্রিয় হব। আমরা চেষ্টা করব।

নিজের কোচিং ক্যারিয়ারে ২৯ বার রিয়ালের মুখোমুখি হয়ে ১৪ বার জেতা গুয়ার্দিওলা অন্তত এইটুকু স্বস্তি পেতে পারেন যে, ম্যাচ শেষ হওয়ার ৩০ মিনিটের কিছু বেশি সময় বাকি থাকতে ভিনিসুস জুনিয়রের পেনাল্টি ঠেকিয়ে দিয়ে দলকে আরও বড় পরাজয়ের লজ্জা থেকে বাঁচিয়েছেন গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।

মন্তব্য করুন: