দীর্ঘদিন পর কোনো ম্যাচ উপভোগ করেছি: হ্যাটট্রিকের পর ভালভের্দে
১২ মার্চ ২০২৬
চোটের কারণে কিলিয়ান এমবাপ্পেসহ দলের অনেকেই ছিলেন মাঠের বাইরে। এমন অবস্থায় ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ের প্রথম লেগে জ্বলে উঠলেন ফেদেরিকো ভালভের্দের। হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদকে জেতানোর পর উরুগুইয়ান এই মিডফিল্ডার জানিয়েছেন, অনেক দিন পর কোনো ম্যাচ তিনি উপভোগ করলেন।
বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে শেষ ষোলোর প্রথম লেগে সিটিকে ৩-০ গোলে হারায় রিয়াল। ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন ভালভের্দে। পেশাদার ক্যারিয়ারে এটি তার প্রথম হ্যাটট্রিক। জেতেন ম্যাচসেরার পুরস্কারও।
এই ম্যাচের আগে চ্যাম্পিয়নস লিগে ৭৫ ম্যাচ খেলা ভালভের্দের গোল সংখ্যা ছিল তিনটি।
ম্যাচ শেষে মুভিস্টারকে ভালভার্দে বলেন, “আপনি সবসময় এই ধরনের রাতের স্বপ্ন দেখেন। আজ আমি নিজেকে খুব উপভোগ করেছি। অনেক দিন পর এমন একটি ম্যাচ আমি উপভোগ করলাম।”
অন্যদিকে ভালভের্দেকে বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত হওয়া ফুটবলার হিসেবে আখ্যা দেন তার সতীর্থ ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড।
“আমি মনে করি, তিনি এই গ্রহের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার এবং বছরের পর বছর ধরে তিনি তেমনই রয়েছেন। এমনকি যখন আমি এখানে ছিলাম না, তখনও আমি তার খেলার খুব প্রশংসা করতাম। এতে কোনো খুঁত নেই, এমন কিছু নেই যা তিনি করতে পারেন না। তিনি যে প্রাণশক্তি এবং যা কিছু দলের জন্য নিয়ে আসেন তা এক কথায় বিশাল। তিনি কখনোই অভিযোগ করেন না, প্রতিটি ম্যাচে নিজেকে সীমানা পর্যন্ত ঠেলে দেন। এটি থাকা একটি অবিশ্বাস্য বৈশিষ্ট্য। মানুষ একমত হোক বা না হোক, তিনি অবশ্যই এই গ্রহের শীর্ষ স্তরের মিডফিল্ডারদের মধ্যে একজন এবং বছরের পর বছর ধরে তিনি সেখানেই আছেন।”
শাবি আলোনসোর অধীনে রাইট ব্যাকের ভূমিকায় খেলা ভালভের্দে, আলভারো আরবেলোয়া রিয়ালের দায়িত্ব নেওয়ার পর থেকে আবারও মাঝমাঠে খেলছেন। সিটির বিপক্ষে তার পারফরম্যান্সকে একটি মানদণ্ড হিসেবে অভিহিত করেন রিয়াল কোচ।
“আপনি (ভালভের্দেকে) যেখানেই খেলান না কেন তাতে কিছু যায় আসে না। আমার কাছে, সে একবিংশ শতাব্দীর মাদ্রিদ আইকন। একজন মাদ্রিদ খেলোয়াড়ের যা যা হওয়া উচিত সে তার সবটুকুই। এই ধরণের একটি রাত তার প্রাপ্য ছিল। নিশ্চিতভাবেই সে এটি কখনোই ভুলবেন না।”















মন্তব্য করুন: