বাতিল হলো আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিস্সিমা’

১৫ মার্চ ২০২৬

বাতিল হলো আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিস্সিমা’

মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির কারণে চলতি মাসের শেষের দিকে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) জয়ী স্পেনের মধ্যকার ফিনালিস্সিমা ম্যাচটি বাতিল করা হয়েছে।

রোববার এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ম্যাচটি বাতিলের ঘোষণা দেয় ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

আর্জেন্টিনা ও স্পেনের লড়াইটি আগামী ২৭ মার্চ কাতারের রাজধানী দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই ম্যাচ দিয়ে ফুটবল ভক্তরা লিওনেল মেসি এবং লামিনে ইয়ামালকে একে অপরের মুখোমুখি হতে দেখতেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক বাহিনী একযোগে ইরানে বিমান হামলা শুরু করে। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে দেশটি। চলমান এই সংঘাতের কারণে এই অঞ্চলের বেশ কিছু ক্রীড়া ইভেন্ট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

মার্চের আন্তর্জাতিক বিরতিতে দোহায় কাতার ও সৌদি আরবের বিপক্ষে খেলার কথা ছিল সার্বিয়ায়। উয়েফা জানায়, পরিবর্তিত পরিস্থিতিতে ইউরোপের দেশটি এখন আগামী ২৭ মার্চ স্পেনের মুখোমুখি হবে। এর চার দিন পরে তারা ঘরের মাঠে সৌদি আরবের বিপক্ষে খেলবে।

অন্যদিকে ফিনালিস্সিমা আয়োজনের জন্য সম্ভাব্য অন্যান্য বিকল্পগুলো দেখেছিল উয়েফা। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সেগুলো নাকচ করে দেয় বলে জানায় তারা।

প্রথমে সান্তিয়াগো বের্নাবেউয়ে দুই দলের সমান অনুপাতে দর্শকের উপস্থিতিতে ম্যাচটি আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। দ্বিতীয় বিকল্প হিসেবে তারা দুই লেগের ফিনালিস্সিমা আয়োজনের কথা জানায়। যেখানে ২৭ মার্চ বের্নাবেউয়ে প্রথম লেগের পর পরবর্তী ইউরো ও কোপা আমেরিকার আগে আন্তর্জাতিক উইন্ডোতে বুয়েনস আইরেসে হবে দ্বিতীয় লেগ। তবে আর্জেন্টিনা উভয় প্রস্তাবই প্রত্যাখ্যান করে।

উয়েফা জানায়, বিশ্বকাপের পর ম্যাচটি খেলার প্রস্তাব দেয় আর্জেন্টিনা। কিন্তু তখন স্পেনের কোনো ফাঁকা সূচি নেই।

২০২২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল সবশেষ ফিনালিস্সিমা। সেবার কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ৩-০ গোলে হারিয়েছিল তখনকার ইউরো জয়ী ইতালিকে।

মন্তব্য করুন: