ঘুরে দাঁড়াতে রিয়ালকেই অনুপ্রেরণা হিসেবে দেখছে ম্যানসিটি
১৬ মার্চ ২০২৬
রিয়াল মাদ্রিদের কাছে প্রথম লেগে বিধ্বস্ত হওয়ায় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার রাস্তাটা বেশ কঠিন হয়ে গেছে ম্যানচেস্টার সিটির জন্য। তবে ঘুরে দাঁড়ানোর জন্য প্রতিপক্ষের কাছ থেকেই অনুপ্রেরণা নিচ্ছে দলটি। টুর্নামেন্টের রেকর্ড শিরোপাধারীদের প্রত্যাবর্তনের উদারহণ দিয়ে শিষ্যদের অনুপ্রাণিত করার চেষ্টা করছেন কোচ পেপ গুয়ার্দিওলা।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় ঘরের মাঠে শেষ ষোলোর ফিরতি লেগে রিয়ালের মুখোমুখি হবে সিটি। গত সপ্তাহে সান্তিয়াগো বের্নাবেউয়ে ৩-০ গোলে হেরেছিল তারা।
এই ম্যাচের পর প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে পয়েন্ট হারিয়ে শিরোপা লড়াইয়ে বেশ পিছিয়ে পড়েছে সিটি। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।
সব মিলিয়ে রিয়ালের বিপক্ষে তিন গোলের ব্যবধান ঘুঁচিয়ে ঘুরে দাঁড়ানো যে অনেক কঠিন, তা জানেন গুয়ার্দিওলাও। তবে মাঠের লড়াইয়ের আগেই দলকে হারতে দেখতে চান না তিনি।
“ওরা (সিটির ফুটবলাররা) যদি বিশ্বাস না রাখে, এটা ওদের সমস্যা। ওরা সবাই পরিণত, পারিশ্রমিকও ভালো পায়। চ্যাম্পিয়নস লিগে ওদের যদি এই বিশ্বাস না থাকে, তাহলে বাড়ি ফিরে যাও, ঘরে থাকো। চেষ্টা তো করতে হবে। আমাদের হারানোর কী আছে?”
“মাদ্রিদ কি তাদের ইতিহাসে কখনও ঘুরে দাঁড়ায়নি? জানি না কতবার… চ্যাম্পিয়নস লিগে ৫০ বার হবেই। ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে কখনও ঘুরে দাঁড়ায়নি? অবশ্যই কাজটা কঠিন। তবে চেষ্টা করতে হবে আমাদের, সম্মানের জন্য, সমর্থকদের জন্য, নিজেদের দায়িত্বের জন্য মাঠে নেমে লড়াই করতে হবে।”















মন্তব্য করুন: