ব্রাজিল দলে ডাক না পেলেও স্বপ্ন টিকে আছে নেইমারের

১৭ মার্চ ২০২৬

ব্রাজিল দলে ডাক না পেলেও স্বপ্ন টিকে আছে নেইমারের

বিশ্বকাপের প্রস্তুতির জন্য চলতি মাসে খেলতে যাওয়া প্রীতি ম্যাচের জন্য ঘোষণা করা ব্রাজিল দলে এবারও জায়গা হয়নি নেইমারের। তবে বিশ্বকাপের মঞ্চে এই তারকা ফরোয়ার্ডের খেলার সম্ভাবনা এখনই উড়িয়ে দেননি কোচ কার্লো আনচেলত্তি। অন্যদিকে নেইমার জানিয়েছেন, বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনও টিকে আছে।

যুক্তরাষ্ট্রে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি প্রীতি ম্যাচের জন্য সোমবার ২৬ সদস্যের ব্রাজিল দল ঘোষণা করেন আনচেলত্তি।

আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্স এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের আগে নিজেদের অবস্থান পরখ করে নিতে এই ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য। এরপর তারা ম্যাচ খেলার সুযোগ পাবে বিশ্বকাপের ঠিক আগে, আগামী জুনে মিশরের বিপক্ষে।

নেইমারের যে এবারও স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা কম, সেই আভাস পাওয়া গেয়েছিল আগেই। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের পারফরম্যান্স কাছ থেকে দেখতে গত ১০ মার্চ সান্তোসের ম্যাচটি দেখতে যাওয়ার কথা ছিল কোচ আনচেলত্তির। কিন্ত পেশির সমস্যার কারণে সেই ম্যাচ খেলতে পারেননি নেইমার। সে সময় অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন ব্রাজিল কোচ।

২০২৩ সালের অক্টোবরে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর আর ব্রাজিলের জার্সিতে দেখা যায়নি নেইমারকে। চোট থেকে সেরে উঠে আগের চেহারায় ফেরার আশায় সৌদি আরব ছেড়ে গত বছর জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন তিনি। তবে চোটের সঙ্গে লড়তে হয়েছে এখানেও। সাম্প্রতিক সময়ে ফর্ম খুব ভালো না হলেও ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছেন তিনি।

তবে আগের বেশ কয়েকবারের মতো এবারও আনচেলত্তি জানিয়ে দিলেন, শতভাগ ফিট হলেই কেবল বিশ্বকাপ দলে ডাক পাবেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার।

নেইমার বিশ্বকাপে যেতে পারে, যদি সে শতভাগ (ফিট) থাকতে পারে। এবার তাকে দলে নেইনি, কারণ সে এখনও শতভাগ ফিট নয়। নেইমারকে অনুশীলন করতে হবে এবং ম্যাচ খেলতে হবে।

একই দিন সাও পাওলোতে এক অনুষ্ঠানে নেইমার বলেন, “আমার মনোযোগ নড়ে যাচ্ছে না। দিনের পর দিন, অনুশীলন সেশন, ম্যাচের পর ম্যাচ ধরে আমাদের লক্ষ্য অর্জন করব আমরা। স্বপ্ন বেঁচে আছে।

অন্যদিকে রিয়াল মাদ্রিদ ছেড়ে ধারে ফরাসি লিগের ক্লাব অলিম্পিক লিওঁতে যোগ দিয়ে দুর্দান্ত পারফর্ম করে প্রায় এক বছর পর দলে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী এনদ্রিক।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে বিশ্বকাপের এবারের আসরে। ‘সি গ্রুপে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।

মন্তব্য করুন: