ভিনিসুসের জোড়া গোলে সিটিকে আবার হারিয়ে কোয়ার্টারে রিয়াল, সঙ্গী পিএসজি
১৮ মার্চ ২০২৬
চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়ানোর অভিযানে শুরুর দিকে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হলো ম্যানচেস্টার সিটি। এরপর ভিনিসুস জুনিয়রের জোড়া গোলে সহজেই কোয়ার্টার-ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে আরেক ইংলিশ ক্লাব চেলসিকে উড়িয়ে তাদের সঙ্গী হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগে সিটিকে ২-১ গোলে হারায় রিয়াল। প্রথম লেগ ৩-০ গোলে জেতা আলভারো আরবেলোয়ার দল ৫-১ গোলের অগ্রগামিতায় পা রাখল শেষ আটে।
চলতি মৌসুমে লিগ পর্বে রিয়ালকে হারানো পেপ গুয়ার্দিওলার দল এবার হারল দুই লেগেই। আর এই নিয়ে সবশেষ পাঁচ মৌসুমে চতুর্থবার সিটিকে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় করল টুর্নামেন্টের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা।
ম্যাচের ১৭তম মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে ভিনিসুসের নেওয়া জোরাল শট পোস্টে লেগে ফিরে আসে। তবে সিটির কেউ বলটি ক্লিয়ার করতে পারেনি। বক্সের ভেতরেই অন্য পাশ থেকে ভিনিসুসের শট বের্নার্দো সিলভার গায়ে লাগলে হ্যান্ডবলের দাবি জানায় রিয়ালের খেলোয়াড়রা।
লম্বা সময় ভিএআর পরীক্ষার পর মনিটরে দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। আর হ্যান্ডবল হওয়ায় সিটি অধিনায়ক সিলভাকে সরাসরি লাল কার্ড দেখান তিনি।
প্রথম লেগে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও এবার কোনো ভুল করেননি ভিনিসুস। ২২তম মিনিটে দলকে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধেই সিটিকে সমতায় ফেরান আর্লিং হলান্দ। গত ১১ ফেব্রুয়ারির পর এদিন প্রথমবারের মতো জালের দেখা পান এই নরওয়েজিয়ান গোলমেশিন। কিন্তু এরপর নাটকীয় কিছু করে প্রত্যাবর্তন করতে পারেনি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে দুইবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে মেলেনি গোল।
দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার বদলি হিসেবে মাঠে নামেন আন্দ্রেই লুনিন। আর চোট কাটিয়ে ৬৯তম মিনিটে মাঠে ফেরেন কিলিয়ান এমবাপ্পে।
যোগ করা সময়ের প্রথম মিনিটে ভিনিসুস বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। তবে একেবারে শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান তারকা।
অন্য ম্যাচে চেলসির মাঠে ৩-০ গোলের জয় পায় পিএসজি। গত সপ্তাহে ঘরের মাঠে প্রথম লেগে ৫-২ গোলে জিতেছিল লুইস এনরিকের দল।
ম্যাচের ষষ্ঠ মিনিটে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে দেন খাভিচা কাভারাৎস্খেলিয়া। আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ব্রাডলি বারকোলা। ম্যাচে ফিরতে মরিয়া চেলসি প্রথমার্ধের বাকিটা সময় আক্রমণাত্মক ফুটবল খেললেও পিএসজির রক্ষণ ভাঙতে পারেনি।
৬২তম মিনিটে পিএসজির তৃতীয় গোলটি করেন সেনি মায়ুলু। এরই সঙ্গে চ্যাম্পিয়নস লিগে দুই লেগ মিলিয়ে সর্বোচ্চ ৮ গোল হজম করে চেলসি। তাদের বিপক্ষে আগের সর্বোচ্চ ছিল বায়ার্ন মিউনিখের ৭ গোল।















মন্তব্য করুন: