নিউক্যাসলকে গোলবন্যায় ভাসিয়ে কোয়ার্টার-ফাইনালে বার্সা
১৯ মার্চ ২০২৬
আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধে সমানে সমান লড়াই করেছিল দুই দলই। কিন্তু বিরতির পর বার্সেলোনার সঙ্গে আর পেরে উঠল না নিউক্যাসল ইউনাইটেড। ইংলিশ ক্লাবটিকে গোলবন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে হানসি ফ্লিকের দল।
বুধবার কাম্প নউয়ে শেষ ষোলোর ফিরতি লেগে নিউক্যাসলকে ৭-২ গোলে হারায় বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৮-৩ গোলের অগ্রগামিতায় শেষ আটে পা রাখে কাতালান ক্লাবটি।
গত সপ্তাহে নিউক্যাসলের মাঠে প্রথম লেগ ১-১ সমতায় শেষ হওয়ার পর ঘরের মাঠে এদিন বার্সেলোনাকে ষষ্ঠ মিনিটে এগিয়ে দেন রাফিনিয়া। তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি সফরকারীরা। ১৫তম মিনিটে নিউক্যাসলকে সমতায় ফেরান অ্যান্থনি এলাঙ্গা।
তিন মিনিটের মাথায় স্বাগতিকদের এগিয়ে দেন মার্ক বের্নাল। তবে ২৮তম মিনিটে লামিনে ইয়ামালের ভুলের সুযোগ নিয়ে আবার সমতায় ফেরে নিউক্যাসল। স্প্যানিশ ফরোয়ার্ডের ব্যাক-হিল পাস চলে যায় প্রতিপক্ষের একজনের পায়ে। তার বাড়ানো বল ফাঁকা জালে পাঠান এলাঙ্গা।
প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ দিকে পেনাল্টি থেকে বার্সেলোনাকে আরেকবার এগিয়ে দেন ইয়ামাল। বিরতির পর প্রতিপক্ষের ওপর আক্রমণের ঝড় তোলে ফ্লিকের দল। ৫১তম মিনিটে রাফিনিয়ার বাড়ানো বল ধরে গোল করেন ফের্মিন লোপেস।
পাঁচ মিনিট পর রাফিনিয়ার কর্নার থেকে হেডে গোল করেন বদলি হিসেবে নামা রবের্ট লেভানডফস্কি। ৬১তম মিনিটে ইয়ামালের সহায়তায় নিজের দ্বিতীয় গোল করেন ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এই পোলিশ তারকার গোল সংখ্যা এখন ১০৯টি।
৭২তম মিনিটে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল এখন ১৯টি। গত রোববার লা লিগায় সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি।
বাকি সময়ে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।
অন্য ম্যাচে টটনাম হটস্পারের মাঠে ৩-২ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৭-৫ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার-ফাইনালে উঠেছে আরেক স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ। শেষ আটে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা।
ফলে আগামী এপ্রিলে ১০ দিনের মধ্যে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে তিনবার মুখোমুখি হবে এই দুই দল।















মন্তব্য করুন: