শেষ আটে রিয়ালের প্রতিপক্ষ বায়ার্ন, পিএসজির লিভারপুল

১৯ মার্চ ২০২৬

শেষ আটে রিয়ালের প্রতিপক্ষ বায়ার্ন, পিএসজির লিভারপুল

চ্যাম্পিয়নস লিগে গোলউৎসবের শেষ ষোলোর লড়াই শেষে কোয়ার্টার-ফাইনালের আটটি দল নির্ধারণ হয়ে গেছে। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ এবং পিএসজি-লিভারপুল। তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্সেনাল।

শেষ ষোলোয় ওঠা ছয়টি ইংলিশ ক্লাবের মধ্যে কোয়ার্টার-ফাইনালে উঠতে পেরেছে কেবল লিভারপুল ও আর্সেনাল। বাদ পড়েছে ম্যানচেস্টার সিটি, চেলসি, নিউক্যাসল ইউনাইটেড ও টটনাম হটস্পার।

অন্যদিকে স্প্যানিশ তিনটি ক্লাবের সবাই পা রেখেছে শেষ আটের মঞ্চে।

সিটিকে দুই লেগে হারিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার-ফাইনালে ওঠে রিয়াল। শেষ আটে তাদের প্রতিপক্ষ বায়ার্ন দুই লেগ মিলিয়ে আতালান্তার জালে ১০ গোল দেয়।

অন্যদিকে নিউক্যাসলকে ফিরতি লেগে ৭-২ গোলে হারিয়ে ৮-৩ গোলের অগ্রগামিতায় পরের পর্বে গেছে বার্সেলোনা। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে হানসি ফ্লিকের দলের প্রতিপক্ষ স্বদেশি আতলেতিকো মাদ্রিদ। ফিরতি লেগে টটনামের কাছে হারলেও ৭-৫ গোলের অগ্রগামিতায় শেষ আটে ওঠে তারা।

গালাতাসারাইয়ের কাছে প্রথম লেগে হারা লিভারপুল ফিরতি লেগে ঘরের মাঠে ৪-০ গোলে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠে। এই পর্বে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি দুই লেগেই চেলসিকে হারিয়েছে। ক্লাব বিশ্বকাপ জয়ীদের জালে লুইস এনরিকের দল গোল দেয় মোট ৮টি, হজম করে দুটি।

বায়ার লেভারকুজেনকে হারিয়ে শেষ আটে ওঠা আর্সেনালের প্রতিপক্ষ স্পোর্তিং লিসবন কোয়ার্টার-ফাইনালে ওঠে প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখে। চলতি আসরে চমক জাগানো বোদো/গ্লিম্টের মাঠে প্রথম লেগে ৩-০ গোলে হারের পর ঘরের মাঠে পর্তুগিজ ক্লাবটি জেতে ৫-০ গোলে।

কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ আগামী ৭ ও ৮ এপ্রিল এবং ফিরতি লেগ ১৪ ও ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।

সেমি-ফাইনালের লেগ দুটি হবে আগামী ২৮ ও ২৯ এপ্রিল এবং ৫ ও ৬ মে।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে শিরোপা লড়াই অনুষ্ঠিত হবে ৩০ মে।

কোয়ার্টার-ফাইনাল লাইন-আপ:

কোয়ার্টার-ফাইনাল ১: পিএসজি – লিভারপুল

কোয়ার্টার-ফাইনাল ২: রিয়াল মাদ্রিদ – বায়ার্ন মিউনিখ

কোয়ার্টার-ফাইনাল ৩: বার্সেলোনা – আতলেতিকো মাদ্রিদ

কোয়ার্টার-ফাইনাল ৪: স্পোর্তিং লিসবন – আর্সেনাল

সেমি-ফাইনাল লাইন-আপ:

সেমি-ফাইনাল ১: কোয়ার্টার-ফাইনাল ১ বিজয়ী – কোয়ার্টার-ফাইনাল ২ বিজয়ী

সেমি-ফাইনাল ২: কোয়ার্টার-ফাইনাল ৩ বিজয়ী – কোয়ার্টার-ফাইনাল ৪ বিজয়ী

মন্তব্য করুন: