রোনালদোকে পেছনে ফেলে ৯০০ গোলের রেকর্ড মেসির
১৯ মার্চ ২০২৬
এক সময় ইউরোপ দাপিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি বর্তমানে খেলেন বিশ্বের দুই প্রান্তে। তবে এখনও যেন থেমে নেই এই দুই কিংবদন্তির একে অপরকে ছেড়ে যাওয়ার লড়াই। পর্তুগিজ মহাতারকার চেয়ে ৯৪ ম্যাচ কম খেলে বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোল করার মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ফ্লোরিডার ফোর্ট লডারডেলে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ন্যাশভিল এফসির বিপক্ষে পেশাদার ক্যারিয়ারের ৯০০তম গোলটি করেন মেসি।
দুই ম্যাচ আগে ক্যারিয়ারের ৮৯৯তম গোল করা আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা এদিন সপ্তম মিনিটে মাইলফলক স্পর্শ করা গোলটি করেন।
৯০০ গোল করতে মেসি খেললেন ১ হাজার ১৪২ ম্যাচ। অন্যদিকে গত সেপ্টেম্বরে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ক্যারিয়ারে এই কীর্তি গড়া রোনালদো খেলেন ১ হাজার ২৩৬ ম্যাচ। ১ হাজার গোলের মাইলফলকের দিকে ছুটে চলা পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ৪১ বছর বয়সী এই মহাতারকার গোল সংখ্যা ৯৬৫টি। বর্তমানে তিনি আল-নাসেরের হয়ে খেলছেন।
সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকার তিন নম্বরে আছেন পেলে। ৭৬৫ গোলে নিয়ে ক্যারিয়ার শেষ করেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি।
বর্তমানে খেলছেন এমন ফুটবলারদের মধ্যে রোনালদো ও মেসির পরে আছেন রবের্ট লেভানডফস্কি। বার্সেলোনার পোলিশ এই স্ট্রাইকারের গোল ৬৯০টি।
২০০৪ সালের ১৬ অক্টোবর বার্সেলোনার হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা মেসি কাতালান ক্লাবটির হয়ে রেকর্ড ৬৭২টি গোল করেন। এরপর পিএসজিতে করেন আরও ৩২টি গোল। বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়ে গোল করেছেন ৮১টি।
জাতীয় দলের জার্সিতে মেসির গোল সংখ্যা এখন ১১৫টি। আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে বেশি গোল আছে কেবল রোনালদোর, ১৪৩টি।
তবে মাইলফলক স্পর্শের দিনে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে মেসির দল ইন্টার মায়ামিকে। ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচে অ্যাওয়ে গোলের ভিত্তিতে পরের রাউন্ডে উঠেছে ন্যাশভিল।















মন্তব্য করুন: