মেসির নেতৃত্বে বিশ্বকাপের আগে শেষ ম্যাচে আর্জেন্টিনা
১৯ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলার বিষয়ে এখনও নিশ্চয়তা দেননি লিওনেল মেসি। তবে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকার নেতৃত্বে বিশ্বকাপের আগে খেলতে যাওয়া শেষ ম্যাচের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।
আগামী ৩১ মার্চ প্রীতি ম্যাচে গুয়াতেমালার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখে বুধবার ২৮ সদস্যের দল ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি।
চলতি মাসের শেষ সপ্তাহের আন্তর্জাতিক বিরতিতে দুটি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। ২৭ মার্চ ফিনালিস্সিমা ট্রফির লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ছিল ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। এরপর স্বাগতিক কাতারের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলার কথা ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ম্যাচ দুটি বাতিল হয়ে গেছে।
শেষ মুহূর্তে গুয়াতেমালার বিপক্ষে ম্যাচটির আয়োজন করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটিই হতে যাচ্ছে ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ।
২০২২ কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বে ৩৬ বছর পর বিশ্বকাপের সোনালী ট্রফির স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু শিরোপা ধরে রাখার অভিযানে দলের সবচেয়ে বড় তারকার খেলার বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা আছে। গত বছরের শেষ দিকে একাধিক সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপে খেলার প্রশ্নে কখনোই স্পষ্ট করে কিছু বলেননি মেসি।
ঘোষণা করা দলে আছেন মেসির ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো দে পল। নিয়মিতদের মধ্যে আরও আছেন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস, মিডফিল্ডার এনসো ফের্নান্দেস ও ডিফেন্সিভ মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস।
চোটের কারণে দলে জায়গা হয়নি মিডফিল্ডার জিওভানি লো সেলসো, ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস ও ফরোয়ার্ড লাউতারো মার্তিনেসের।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে বিশ্বকাপের এবারের আসর। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।
গত নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে সবশেষ ম্যাচে ২-০ গোলে জিতেছিল স্কালোনির দল।















মন্তব্য করুন: