ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেল ব্রাজিল

২১ মার্চ ২০২৬

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে দুঃসংবাদ পেল ব্রাজিল

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ধাক্কা খেয়েছে ব্রাজিল। চোটের কারণে এই ম্যাচ দুটি থেকে ছিটকে গেছেন দলটির মূল গোলরক্ষক আলিসন বেকার।

শুক্রবার এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, চোটের কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন আলিসন। তবে তার চোটের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আলিসনের জায়গায় এই ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন করিন্থিয়ান্সের গোলরক্ষক হুগো সৌজা।

ফ্রান্স ও ক্রোয়েশিয়া ম্যাচের জন্য গত সোমবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের এবং ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

চলতি মৌসুমে বেশ কয়েকবার ফিটনেসজনিত সমস্যায় ভুগেছেন আলিসন। গত ১০ মার্চ পেশির সমস্যায় গালাতাসারাইয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে খেলতে পারেননি তিনি। ম্যাচটি ১-০ গোলে হেরে যায় লিভারপুল। ফিরতি লেগে ৪-০ গোলে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠে তারা।

এর আগে গত অক্টোবর ও নভেম্বরে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় মোট ১২টি ম্যাচ খেলতে পারেননি আলিসন। একই কারণে সব মিলিয়ে গত তিন মৌসুমে ৩৩ বছর বয়সী এই গোলকিপার ৫০টি ম্যাচে মাঠের বাইরে ছিলেন।

মন্তব্য করুন: