ভিনিসুসের জোড়া গোলে আতলেতিকোকে হারাল রিয়াল

২৩ মার্চ ২০২৬

ভিনিসুসের জোড়া গোলে আতলেতিকোকে হারাল রিয়াল

ভিনিসুস জুনিয়রের জোড়া গোলে ১০ জনের দল নিয়ে লা লিগায় রোমাঞ্চকর ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে প্রতিশোধ নিয়েছে রিয়াল মাদ্রিদ।

রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে নগরপ্রতিদ্বন্দ্বীদের ৩-২ গোলে হারায় রিয়াল। দলের হয়ে অপর গোলটি করেন ফেদে ভালভের্দে। তবে উরুগুয়ের এই মিডফিল্ডার লাল কার্ড দেখলে শেষ দিকে ১০ জনের দল নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।

লিগে গত সেপ্টেম্বরে লিগে আতলেতিকোর মাঠে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল। এরপর অবশ্য স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে দিয়েগো সিমিওনের দলকে হারিয়েছিল তারা।

ম্যাচের নবম মিনিটে ভালভের্দের শট পোস্টে লাগলে এগিয়ে যেতে পারেনি রিয়াল। ৩৩তম মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড আদেমোলা লুকমান দীর্ঘদিন পর লিগ ম্যাচ খেলতে নামা স্বাগতিক গোলরক্ষক আন্দ্রেই লুনিনকে পরাস্ত করলে এগিয়ে যায় আতলেতিকো।

প্রথমার্ধজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা স্বাগতিকরা গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধের শুরুতে। পেনাল্টি থেকে ৫২তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসুস। লা লিগায় নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের এটি প্রথম গোল।

এর তিন মিনিট পর দলকে এগিয়ে দেন ভালভের্দে। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ চার ম্যাচে এটি তার পঞ্চম গোল।

৬৪তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন কিলিয়ান এমবাপ্পে ও ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। এরপরই গোল হজম করে রিয়াল। ৬৬তম মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা সমতায় ফেরান আতলেতিকোকে।

৭২তম মিনিটে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের বাড়ানো বল ধরে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসুস। গত বুধবার চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষেও জোড়া গোল করেছিলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি তার ১৭তম গোল।

৭৭তম মিনিটে আলেক্স বায়েনাকে পেছন থেকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন ভালভের্দে। লা লিগায় ২৬৩তম ম্যাচ খেলতে নেমে প্রথম লাল কার্ড দেখলেন তিনি।

দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে রায়ো ভায়েকানোকে ১-০ গোলে হারায় বার্সেলোনা।

২৯ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে হানসি ফ্লিকের দল। তাদের চেয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে রিয়াল। চারে থাকা আতলেতিকোর পয়েন্ট ৫৭। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে আছে ভিয়ারিয়াল।

মন্তব্য করুন: