বিশ্বকাপের আগে মেসিকে বিশ্রাম দেবে না ইন্টার মায়ামি
২৩ মার্চ ২০২৬
বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি আছে তিন মাসেরও কম সময়। তবে ইন্টার মায়ামির লক্ষ্য অর্জনের জন্য বিশ্বকাপের আগে লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন না বলে জানিয়েছেন দলটির কোচ হাভিয়ের মাসচেরানো।
আর্জেন্টিনা দলে যোগ দেওয়ার আগে রোববার মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামির হয়ে মাঠে নেমে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে দলের জয়ে একটি গোল করেন মেসি। পেশাদার ক্যারিয়ারে আর্জেন্টাইন মহাতারকার এটি ৯০১তম গোল।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে এবারের বিশ্বকাপ। শিরোপা ধরে রাখার অভিযানে মাঠে নামার আগে চলতি মাসে সবশেষ প্রীতি ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে আগামী শুক্রবার মৌরিতানিয়া বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। ৩১ মার্চ তাদের প্রতিপক্ষ জাম্বিয়া। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বুয়েনস আইরেসে।
এই দুটি ম্যাচের দলেই রাখা হয়েছে মেসিকে। ফলে জাম্বিয়ার বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে দেশের মাটিতে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকার শেষ ম্যাচ।
বিশ্বকাপ চলার সময় মেসির বয়স হবে ৩৯ বছর। তবে এখনও টুর্নামেন্টে খেলার বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি তিনি। প্রতিটি ম্যাচ ধরে এবং সময়ের সঙ্গে শরীরের অবস্থা বুঝে এগোনোর কথাই বলে আসছেন আর্জেন্টাইন অধিনায়ক।
তবে জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও মায়ামির হয়ে ২০২৮ সাল পর্যন্ত মাঠ মাতাবেন মেসি। ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনা যে তাকে ঘিরেই করা, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে বিশ্বকাপ সামনে থাকলেও মেসিকে বাড়তি বিশ্রাম দেওয়ার খুব একটা প্রয়োজন দেখেন তার সাবেক সতীর্থ ও বর্তমান কোচ মাসচেরানো।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার সাবেক এই মিডফিল্ডার বলেন, “আমরা যতটা সম্ভব চেষ্টা করি তার দেখভাল ভালোভাবে করার। সে এমন একজন ফুটবলার, যে আসলে মাঠে খেলতে নামলেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আমরা জানি, খেলতে থাকলে তার শরীরে কী প্রভাব পড়ে।”
“এই মুহূর্তে সে জাতীয় দলে যোগ দিতে যাচ্ছে। ফেরার পর আমরা প্রতিদিন তার শারীরিক অবস্থার ওপর নজর রাখব। বলার অপেক্ষা রাখে না, আমাদের লক্ষ্যগুলো অর্জন করতে হলে সে আমাদের জন্য অপরিহার্য একজন। সত্যি বলতে, তাকে ছাড়া আমাদের জন্য নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো অসম্ভব।”
বিশ্বকাপের আগে মেসিকে নিয়ে বাড়তি ভাবনার ব্যাপারটি যে আলোচনা আসবেই, তা মানছেন মাসচেরানোও। তবে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায় নেওয়ায় মায়ামি আপাতত শুধু এমএলএসে খেলছে। ফলে মেসির ওপর বেশি চাপ বেশি পড়বে না বলে স্পষ্ট করেন মায়ামি কোচ।
“আমার মনে হয় না, আগামী দুই মাসে সপ্তাহের মাঝে আমাদের খুব বেশি ম্যাচ নির্ধারিত আছে। মাত্র দুই বা তিন সপ্তাহে আমাদের কোনো ম্যাচ থাকবে না। অন্যথায় প্রতি সপ্তাহে একটি করে ম্যাচ খেলার সূচিই থাকবে। তাই যখনই আমরা তাকে দলে পাব, আমাদের জন্য সেটি হবে দারুণ প্রেরণার।”















মন্তব্য করুন: