আতলেতিকো ছেড়ে এবার এমএলএসে পাড়ি জমাচ্ছেন গ্রিজমান
২৩ মার্চ ২০২৬
ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) পাড়ি জমাতে যাচ্ছেন আতলেতিকো মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আঁতোয়া গ্রিজমান। ইএসপিএনের খবর অনুযায়ী,অরল্যান্ডো সিটির সঙ্গে দুই বছরের চুক্তি করবেন ফ্রান্সের এই বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড।
সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, রোববার নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ৩-২ গোলে হারের পর চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে অরল্যান্ডোর উদ্দেশে রওনা দেন গ্রিজমান।
তবে আতলেতিকো সমর্থকদের জন্য স্বস্তির খবর, চলতি মৌসুম শেষ করে তবেই ক্লাব ছাড়বেন তিনি। বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনাল এবং রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে কোপা দেল রের ফাইনালে দেখা যাবে ৩৫ বছর বয়সী এই ফুটবলারকে।
ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জেতা তারকা ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। আতলেতিকোর ইতিহাসের সর্বোচ্চ ২১০ গোলের মালিক তিনি। তবে দিয়েগো সিমিওনের অধীনে এখন পর্যন্ত বড় কোনো শিরোপা জিততে পারেননি এই ফরোয়ার্ড।
২০২৭ সাল পর্যন্ত আতলেতিকোর সঙ্গে চুক্তির মেয়াদ থাকলেও গ্রিজমানের এই দলবদলের সিদ্ধান্তকে কোচ সিমিওনে পূর্ণ সমর্থন জানিয়েছেন বলে জানা গেছে।
এর আগে গত বছর আতলেতিকো মাদ্রিদ ছেড়ে এমএলএসে পাড়ি জমান গ্রিজমানের সতীর্থ রদ্রিগো দে পল। আর্জেন্টাইন এই মিডফিল্ডার যোগ দেন লিওনেল মেসির ইন্টার মায়ামিতে। এবার ক্লাবটির প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডোতে যোগ দিলেন গ্রিজমান।
আগামী ১৩ জুলাইয়ের এমএলএসের ট্রান্সফার উইন্ডো চালু হলে আনুষ্ঠানিকভাবে অরল্যান্ডোর জার্সি গায়ে জড়াবেন তিনি। মেসি ছাড়াও বর্তমানে যুক্তরাষ্ট্রের এই লিগটিতে জার্মান তারকা টমাস মুলার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে এবং দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিন লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে খেলছেন।















মন্তব্য করুন: