ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান: ইএসপিএন
২৪ মার্চ ২০২৬
দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন জিনেদিন জিদান। ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, আসন্ন বিশ্বকাপ শেষেই এই দায়িত্ব নেবেন দেশটির এই কিংবদন্তি ফুটবলার।
সোমবার সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে ইএসপিএন জানায়, আগামী গ্রীষ্মে ফ্রান্সের কোচের দায়িত্ব নিতে ফ্রান্স ফুটবল ফেডারেশনকে মৌখিক সম্মতি দিয়েছেন ৫৩ বছর বয়সী জিদান। চুক্তি স্বাক্ষরের আগে এখন তার সাপোর্ট স্টাফ চূড়ান্ত করার বিষয়ে আলোচনা চলছে।
এর আগে গত রোববার ফরাসি সংবাদপত্র লু ফিগাহোয় প্রকাশিত এক সাক্ষৎকারে ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপ দিয়ালোর কাছে দেশমের সম্ভাব্য উত্তরসূরীর বিষয়ে জানতে চাওয়া হয়। এর জবাবে তিনি বলেন, “আমি জানি, কে দায়িত্ব পেতে চলেছেন।” তবে তখন তিনি নামটি খোলাসা করেননি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন বিশ্বকাপ শেষে ফ্রান্স দলের দায়িত্ব ছাড়বেন বর্তমান কোচ দিদিয়ের দেশম। ২০১২ সাল থেকে দলটির দায়িত্বে আছেন তিনি। তার অধীনে ২০ বছর পর ২০১৮ বিশ্বকাপ জেতে ফ্রান্স।
১৯৯৮ আসরে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন জিদান ও দেশম।
ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ছাড়াও ২০০০ সালের ইউরো জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জিদান। দেশকে ২০০৬ বিশ্বকাপের ফাইনালে তুলতেও রাখেন বড় অবদান।
কোচিং ক্যারিয়ারে জিদানের কেবল রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ থেকে ২০১৮ এবং ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত দুই দফায় ইউরোপের সফলতম ক্লাবটির দায়িত্ব পালন করেন তিনি। এই সময়ে ইতিহাসের একমাত্র কোচ হিসেবে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জয়ের কীর্তি গড়েন ৫ বছর রিয়ালের হয়ে খেলা এই মিডফিল্ডার। এছাড়া দুই বার করে জিতেছেন লা লিগা, ক্লাব বিশ্বকাপ, স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপ।















মন্তব্য করুন: