চোট কাটিয়ে বিশ্বকাপের আগে সব ম্যাচ খেলতে প্রস্তুত এমবাপ্পে
২৪ মার্চ ২০২৬
হাঁটুর চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ওঠার কথা জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের আগে রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমের বাকি সব ম্যাচেই মাঠে নামতে চান ফরাসি এই তারকা।
গত মৌসুমের হাঁটুর পুরোনো সমস্যার কারণে ২০২৬ সালে লা লিগায় চারটি ম্যাচ খেলতে পারেননি এমবাপ্পে। সম্প্রতি তিন সপ্তাহের বেশি মাঠের বাইরে থাকার পর রিয়ালের সবশেষ দুটি ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলতে বর্তমানে ফ্রান্স দলের সঙ্গে আছেন এমবাপ্পে। আগামী বৃহস্পতিবার ব্রাজিল এবং তিন দিন পর কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রে।
স্প্যানিশ সংবাদ মাধ্যম দিয়ারিও এএসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের চোটের সবশেষ অবস্থার কথা জানিয়ে এমবাপ্পে বলেন, “আমি এখন শতভাগ ফিট। গত দুটি বিশ্বকাপের জন্যও আমি সেরা উপায়ে প্রস্তুতি নিয়েছিলাম। আর সেটি হলো নিয়মিত খেলা, গোল করা, শিরোপা জেতা এবং ক্লাবের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করা। এ বছরও আমি একইভাবে নিজেকে তৈরি করছি যাতে টুর্নামেন্টে সেরা ছন্দে থাকতে পারি।”
আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। ‘আই’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ নরওয়ে এবং আন্তঃমহাদেশীয় প্লে-অফের বিজয়ী দল।















মন্তব্য করুন: