লিভারপুল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা সালাহর

২৫ মার্চ ২০২৬

লিভারপুল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা সালাহর

লিভারপুলের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় এবং ক্লাবটির আধুনিক যুগের সাফল্যের মূল কারিগর হিসেবে বিবেচিত মোহামেদ সালাহ চলতি মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন ভিডিওবার্তার মাধ্যমে লিভারপুলে বছরের ক্যারিয়ারের ইতি টানার বিষয়টি জানান ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

দুর্ভাগ্যবশত সেই দিনটি চলে এসেছে। এটি আমার বিদায়ের প্রথম অংশ। আমি কখনোই কল্পনা করিনি যে এই ক্লাব, এই শহর এবং এখানকার মানুষ আমার জীবনের এতটা গভীরে মিশে যাবে।

লিভারপুল কেবল একটি ফুটবল ক্লাব নয়; এটি একটি আবেগ, একটি ইতিহাস এবং একটি সত্বা। যারা এই ক্লাবের অংশ নয় তাদেরকে আমি এটা ভাষায় বোঝাতে পারব না। আমরা বিজয় উদযাপন করেছি, গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছি এবং নিজেদের জীবনের কঠিন সময়ে এক সঙ্গে লড়াই করেছি।

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর সালাহ নিজেকে ক্লাবটির কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছেন। মিশরীয় এই তারকার হাত ধরে ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০১৯-২০ মৌসুমে লিগ শিরোপা জেতে অ্যানফিল্ডের ক্লাবটি, যা প্রিমিয়ার লিগ যুগে তাদের প্রথম লিগ শিরোপা।

সব মিলিয়ে অলরেডদের হয়ে দুটি প্রিমিয়ার লিগ, একটি করে চ্যাম্পিয়নস লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ এবং ২টি ফুটবল লিগ কাপ জিতেছেন সালাহ।

বর্তমানে লিভারপুলের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। এখন পর্যন্ত ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করেছেন এই ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতেছেন চারবার।

গত মৌসুমে লিভারপুলকে রেকর্ড ২০তম লিগ শিরোপা জেতাতে সবচেয়ে বড় অবদান রাখেন সালাহ২০২৪-২৫ মৌসুমটি ছিল সালাহর জন্য স্বপ্নের মতো। ২৯টি গোল এবং ১৮টি অ্যাসিস্ট করে তিনি প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলে অবদানের রেকর্ড স্পর্শ করেছিলেন। লিভারপুলকে শিরোপা জেতানোর পাশাপাশি জিতেছিলেন মৌসুম সেরা খেলোয়াড়, গোল্ডেন বুট প্লেমেকারের পুরস্কার।

তবে চলতি মৌসুমে পুরো একদমই উল্টো চিত্র দেখছেন সালাহ। বাজে পারফরম্যান্সের কারণে টানা বেশ কয়েকটি ম্যাচে শুরুর একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। পরিস্থিতির আরও অবনতি ঘটে যখন গত ডিসেম্বরে কোচ আর্নে স্লটের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি প্রকাশ্যে আসে।

টানা তিন ম্যাচে শুরুর একাদশের বাইরে থাকার পর সালাহ অভিযোগ করেছিলেন, ক্লাবের ছন্দপতনে কেউ একজন তাকে বলির পাঠা বানাচ্ছে। এরপর থেকেই তার সৌদি প্রো লিগে যোগ দেওয়ার গুঞ্জন আরও জোরালো হয়।

বিদায়ী বার্তায় সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে সালাহ বলেন, “ছেড়ে যাওয়া কখনোই সহজ নয়। আপনারা আমাকে জীবনের সেরা সময় দিয়েছেন। এই ক্লাবটি সবসময় আমার এবং আমার পরিবারের কাছে নিজের ঘরের মতো থাকবে। সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের কারণেই আমি কখনোই একা হাঁটব না।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add