২ বছরের চুক্তিতে এমএলএসে গ্রিজমান
২৫ মার্চ ২০২৬
আতলেতিকো মাদ্রিদ ছেড়ে দুই বছরের চুক্তিতে আনুষ্ঠানিকভাবে মেজর লিগ সকারের (এমএলএস) দল অরল্যান্ডো সিটিতে যোগ দিয়েছেন আঁতোয়া গ্রিজমান। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ডের চুক্তির মেয়াদ শুরু হবে আগামী জুলাই থেকে।
মঙ্গলবার এক বিবৃতিতে গ্রিজমানের দলবদলের বিষয়টি জানায় আতলেতিকো ও অরল্যান্ডো। আতলেতিকোর সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০২৭ সাল পর্যন্ত।
চুক্তির মেয়াদ অনুযায়ী আগামী ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত এমএলএসে খেলবেন ৩৫ বছর বয়সী গ্রিজমান। আছে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও।
ইউরোপে দেড় দশকের ক্যারিয়ারে আতলেতিকো ছাড়াও বার্সেলোনা ও রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলেছেন গ্রিজমান। এই তিন ক্লাবের হয়ে পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭৯২ ম্যাচে ২৯৮ গোল ও ১৩২টি গোলে সহায়তা করেছেন তিনি।
তবে গ্রিজমান সবচেয়ে সফল সময় কাটিয়েছেন আতলেতিকোতে। স্প্যানিশ ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে দুই দফায় মাদ্রিদের ক্লাবটির হয়ে মোট ২১১ গোল করেছেন এই ফরোয়ার্ড। ২০১৪ সালে স্প্যানিশ সুপার কাপ ছাড়াও ২০১৮ সালে ইউরোপা লিগ ও উয়েফা সুপার কাপ জিতেছেন।
চলতি মৌসুমে আতলেতিকোর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ও ৪টি অ্যাসিস্ট করেছেন গ্রিজমান।
ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জেতা এই তারকা ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। এর আগে ২০১৭ থেকে জাতীয় দলের হয়ে টানা ৮৪ ম্যাচে মাঠে নামার রেকর্ড গড়েন তিনি। সব মিলিয়ে দেশের হয়ে ১৩৭ ম্যাচে ৪৪ গোল করেন এই ফুটবলার।















মন্তব্য করুন: