যুক্তরাষ্ট্রের বাইরে ইরানের মুখোমুখি হতে আপত্তি নেই নিউ জিল্যান্ডের

২৫ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রের বাইরে ইরানের মুখোমুখি হতে আপত্তি নেই নিউ জিল্যান্ডের

১৬ বছর পর পর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে নিউ জিল্যান্ড। কিন্তু মধ্যপ্রাচ্যে চলা সামরিক সংঘাতের কারণে ইরানের বিপক্ষে তাদের উদ্বোধনী ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের বাইরে ইরানের মুখোমুখি হতে সম্মতি জানিয়েছেন দেশটির ফুটবলাররা।

আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ইরান নিউ জিল্যান্ডের।

এবারের বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করা প্রথম দিককার দল ছিল ইরান। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল বাহিনীর চলমান সামরিক হামলার প্রতিবাদে টুর্নামেন্টের সহ-আয়োজক দেশটিতে কোনো ম্যাচ না খেলার কথা জানিয়েছে ইরানের ফুটবল ফেডারেশন। ফলে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে এশিয়ার দেশটির অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

অনিশ্চয়তা থাকলেও ইরানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ২০১০ আসরের পর বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া নিউ জিল্যান্ড। বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির ফুটবলাররা জানান, প্রয়োজন পড়লে যুক্তরাষ্ট্রের বাইরে ম্যাচটি খেলতে রাজি আছেন তারা।

মিডফিল্ডার রায়ান টমাস বলেন, “ইরান যোগ্যতা অর্জন করেই বিশ্বকাপে এসেছে এবং তাদের মাঠে থাকার অধিকার আছে। তাদের বিপক্ষে যদি আমাদের মেক্সিকো বা কানাডায় গিয়ে খেলতে হয়, তবে আমরা তাতেই রাজি। এটি আমাদের জন্য খুব বড় কোনো বিষয় নয়।

অন্যদিকে ৩৬ বছর বয়সী উইঙ্গার কোস্টা বারবারুসেস জানান, ভেন্যু পরিবর্তন তাদের প্রস্তুতিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।

ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত যারা দায়িত্বে আছেন তারাই নেবেন, আমরা শুধু আমাদের সেরাটা দিতে প্রস্তুত।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোতে ক্যাম্প করবে নিউ জিল্যান্ড, যা মেক্সিকো সীমান্তের একদম কাছে। ফলে ম্যাচটি মেক্সিকোতে সরিয়ে নেওয়া হলে তাদের জন্য যাতায়াত সহজ হবে।

অন্যদিকে গত সপ্তাহে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম ইরানের ম্যাচগুলো নিজ দেশে আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। তবে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ফিফার হাতে। কিন্তু ভেন্যু পরিবর্তনের বিষয়ে এখনও কোনো স্পষ্ট মন্তব্য করেনি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচও যুক্তরাষ্ট্রে খেলার কথা আছে ইরানের। লস অ্যাঞ্জেলেসে বেলজিয়াম এবং সিয়াটলে মিশরের বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add