ভুল হাঁটুতে স্ক্যানের বিষয়টি ভুয়া: এমবাপ্পে
২৬ মার্চ ২০২৬
রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম কিলিয়ান এমবাপ্পের চোটাক্রান্ত হাঁটুর বদলে সুস্থ হাঁটুর পরীক্ষা করেছে – গণমাধ্যমে ছড়িয়ে পড়া এমন চাঞ্চল্যকর খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন ফরাসি এই তারকা।
গত মঙ্গলবার ফ্রান্সের আরএমসি স্পোর্ট এবং এরপর বেশ কিছু স্প্যানিশ গণমাধ্যম দাবি করেছিল, গত ডিসেম্বরে ভুলবশত এমবাপ্পের বাঁ হাঁটুর পরিবর্তে ডান হাঁটুর স্ক্যান করেছিল রিয়ালের মেডিকেল টিম। এর ফলে তার লিগামেন্টের আংশিক ছিঁড়ে যাওয়া শনাক্ত করতে ব্যর্থ হয়েছিল ক্লাবটি।
বর্তমানে ফ্রান্স জাতীয় দলের সঙ্গে আছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। বোস্টনে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার আগে বুধবার চোট নিয়ে গুঞ্জনের বিষয়ে মুখ খোলেন তিনি।
“ভুল হাঁটুর পরীক্ষা করা হয়েছে, এই তথ্যটি সত্য নয়। হয়ত এই পরিস্থিতির জন্য আমি পরোক্ষভাবে কিছুটা দায়ী। কারণ যখন আপনি নিজের শারীরিক অবস্থা নিয়ে পরিষ্কারভাবে কিছু বলেন না, তখন চারপাশের মানুষ নানা ব্যাখ্যা দেওয়ার সুযোগ পায় এবং শূন্যস্থান পূরণের চেষ্টা করে।”
এমবাপ্পে জানান, তার পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে রিয়ালের সঙ্গে তার যোগাযোগ সবসময় পরিষ্কার ছিল। প্যারিস বা মাদ্রিদ – যেখানেই তিনি পুনর্বাসনের জন্য কাজ করেছেন, ক্লাবের ডাক্তার এবং ফিজিওথেরাপিস্টরা সবসময় তার সঙ্গেই ছিলেন।
গত ৭ ডিসেম্বর সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে প্রথম চোট পান এমবাপ্পে। চোট নিয়েই আলাভেস, তালাভেরা এবং সেভিয়ার বিপক্ষে তিনটি ম্যাচ খেলেন তিনি। ডিসেম্বরের শেষে চোট শনাক্তের পর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কয়েকটি ম্যাচে মাঠের বাইরে ছিলেন তিনি।
গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগ দিয়ে বদলি হিসেবে মাঠে মানে এমবাপ্পে। এরপর লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচেও বদলি হিসেবে খেলেন তিনি।
মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে ফিরে আসতে পেরে এমবাপ্পে স্বস্তি প্রকাশ করে এমবাপ্পে বলেন, “আমি বর্তমান এবং অদূর ভবিষ্যৎ নিয়ে ভাবছি। এখন আমি খুব ভালো বোধ করছি, বিশেষ করে আমার দুটি হাঁটু নিয়েই, যা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর কৃতিত্ব আমার ক্লাবের কাছেও যায়, যারা আমার ফিটনেসের ভালো যত্ন নিয়েছে। আমি পুরো ফিট আছি এবং ব্রাজিলের বিপক্ষে শুরু থেকেই খেলার জন্য প্রস্তুত।”















মন্তব্য করুন: